গুম-খুন বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খালেদা
গুম-হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণঅনশনের পর আরো কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার জাতীয় প্রেসক্লাবে অনশন কর্মসূচিতে বক্তব্যে বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘মৃত্যুকূপ’ আখ্যায়িত করে এই হুমকি দেন তিনি।
র্যাব-পুলিশকে ‘দলীয় বাহিনীতে’ পরিণত করা হয়েছে দাবি করে করে ভবিষ্যতে গুম-খুনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুঁশিয়ারও করেন সাবেক প্রধানমন্ত্রী।
গত এক বছরে দলের ৩১০ জন গুম অথবা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করে আসা বিএনপি নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ করে খুনের প্রেক্ষাপটে গণঅনশন কর্মসূচি পালন করে।
খালেদা বলেন, “সারা বাংলাদেশে আজ সারাদেশে হাহাকার-কান্না। শুধু নারায়ণগঞ্জ নয়, রাজশাহী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, বগুড়াসহ সারা বাংলাদেশই আজ মৃত্যুকূপে পরিণত হয়েছে।”
এসব অপহরণ-হত্যাকাণ্ডে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ‘জড়িত’ বলেই কাউকে আটক করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
“তাদের বিচার হয় না, তারা ধরা ছোঁয়ার বাইরে। কারণ তারা সরকারেরই লোক।”
নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি আওয়ামী লীগ নেতা নূর হোসেনের বাড়িতে অভিযান চালাতে এক সপ্তাহ সময় নেয়ার সমালোচনাও করেন খালেদা।
“নূর হোসেন একজন প্রতিষ্ঠিত ক্রিমিনাল। জনগণ তার বিচার দেখতে চায়। তাকে কারাগারে দেখতে চায়। ঘটনার সাতদিন পরে কেন তার বাড়িতে অভিযান চালানো হল?”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, “যেসব এলাকার পুলিশ বেশি বেপরোয়া, তাদের প্রতি জনগণের দৃষ্টি রয়েছে। আওয়ামীলীগ আজীবন ক্ষমতায় থাকবে না। কত লোককে আপনার গুম করেছেন, নির্যাতন করেছেন। তার হিসাব একদিন আপনাদের দিতে হবে।”
প্রেসক্লাবের সামনে পুলিশের বিভিন্ন সরঞ্জামের উপস্থিতির দিকে ইঙ্গিত করে খালেদা বলেন, “এইসব কামান-টামান এখানে চলবে না। এপিসি, কামান ও গুলি করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্বার জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, “এই সরকার খুনি সরকার, এই সরকারের হাতে শুধু রক্ত আর রক্ত। এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এই রক্ত ঝরতেই থাকবে।”
আওয়ামী লীগের জোট শরিকদের সমালোচনা করে খালেদা বলেন, “এই চামচারা অবৈধ নৌকায় উঠে বেশি লাফালাফি করছে।”
“মানুষ আজ কর্মসূচির জন্য অপেক্ষায় আছে। এসব গুম-হত্যা বন্ধ না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব,” সরকারের উদ্দেশে বলেন তিনি।
“আমরা অনেক মার খেয়েছি। অনেক অত্যাচার সহ্য করেছি,” বলে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
সকাল ৯টায় শুরু হওয়া এ অনশন কর্মসূচিতে বিকালে যোগ দেন খালেদা। বক্তব্য শেষে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শরবত পান করিয়ে অনশন ভাঙান।
সারাদেশে বিএনপি রোববার এই কর্মসূচি পালন করেছে। জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাদেক হোসেন খোকা।
