২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একা চলবেন না, নেতাকর্মীদের প্রতি ফখরুল

বর্তমানে দেশে অপহরণ, গুম ও নির্যাতন-নিপীড়ন ‘মহামারি’ আকারে দেখা দিয়েছে দাবি করে দলীয় নেতাকর্মীদের একা চলাচল না করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:17 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

পুরনো খবর:

নারায়ণগঞ্জে হরতালে বিএনপি-জামায়াতের সমর্থন
‘বিএনপি নেতার আস্ফালনের পর নারায়ণগঞ্জ ঘটনা’

এছাড়া গুম, হত্যা ও অপহরণ ঠেকাতে নেতাকর্মীদের সব সময় দলের কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যোগাযোগেরও আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “অপহরণ, গুম, আতঙ্ক ও উৎপীড়নের যে ব্যাপক মহামারি দেখা দিয়েছে তা রোধে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সাফল্যের পরিচয় দিতে পারছে না।

“বরং কোথাও কোথাও আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেই দায় এড়াতে চাইছে।”

এ পরিস্থিতিতে গুম, অপহরণ ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আপনারা বিএনপি সদরদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। প্রতিটি ঘটনার রিপোর্ট কেন্দ্রকে জানান। সংবাদ পেলে যত বেশি সংখ্যক লোক মিলে দ্রুত সেখানে উপস্থিত হোন। মিলিতভাবে প্রতিরোধের চেষ্টা করুন।”

খুন-গুম ঠেকাতে বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশব্যাপী যে ‘সাংগঠনিক রেড এলার্ট’ জারি করেছেন তা মেনে চলতে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নিজ নিজ এলাকায় প্রচারপত্র বিলি, পোস্টার, সভা ও মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খুন-গুম সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

নেতাকর্মীদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “একা চলাচল এবং নির্জন ও অনিরাপদ স্থানগুলো এড়িয়ে চলুন।”

গণমাধ্যম কর্মী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা সংগ্রহে রেখে প্রয়োজনে তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

কেউ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিলে তাদের পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।