২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হরতালে বিএনপি-জামায়াতের সমর্থন

নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজনকে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে আইনজীবীদের ডাকা রোববারের হরতালে বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 05:42 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালে সমর্থন ঘোষণা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের আইনজীবীরা এরইমধ্যে নারায়ণগঞ্জে গিয়ে রোববারের হরতালে সমর্থন জানিয়ে এসেছে।

“ওইদিন হরতালেও আমাদের আইনজীবীরা থাকবেন।”

ফখরুল বলেন, “জনগণের দল হিসেবে গুম, অপহরণ ও হত্যার বিরুদ্ধে এই হরতালকে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।”

এদিকে রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান নারায়ণগঞ্জে রোববারের হরতালে সমর্থন ঘোষণা করেন।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করার ঘটনার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আইনজীবীগণ আগামী রোববার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছেন।

“আমি জামায়াতের পক্ষ থেকে এ হরতালের প্রতি নৈতিক সমর্থন জ্ঞাপন করছি।”

অপহরণের তিন দিন পর গত বুধবার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ছয়জনের লাশ থেকে উদ্ধার হয়। পরদিনও নদীতে অপহৃত আরো একজনের লাশ পাওয়া যায়।

এ অপহরণ ও  হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দায়ীদের শাস্তি দাবিতে নারায়ণগঞ্জে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

পুরনো খবর:

ক্ষোভের আগুনে জ্বলছে নারায়ণগঞ্জ