২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত বিএনপির নাদিম মোস্তফা

পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ দুই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয় বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার ইসমাইল হোসেন বলেন, সকালে নাদিম মোস্তফার জামিন সংক্রান্ত উচ্চ আদালতের আদেশের কপি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এসে পৌঁছায়। আইনগত প্রক্রিয়া শেষে দুপুর ১২টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।

নাদিম মোস্তফার আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির বলেন,  গত ২৭ এপ্রিল উচ্চ আদালত থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন নাদিম মোস্তফা।

এর আগে গত ১৩ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নামঞ্জুর হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় ১৮ দলের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থ সরকার মারা যান।

এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলায় নাদিম মোস্তফাকে আসামি করা হয়।