২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ‘সন্ত্রাসীদের নেত্রী’: জয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘সন্ত্রাসীদের নেত্রী’ বলে অ্যাখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2014, 11:33 PM

Updated : 01 Sep 2026, 12:22 PM

বিএনপি চেয়ারপারসনের মঙ্গলবার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রতিক্রিয়ায় বুধবার রাতে নিজের ফেইসবুক পাতায় এক স্ট্যাটাসে জয় এই মন্তব্য করেন।

ইংরেজি-বাংলা উভয় ভাষায় লেখা স্ট্যাটাসে জয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের সহিংসতায় নিহতদের বিষয়ে বিএনপি নেতার নীরবতার সমালোচনা করেন।

“খালেদা জিয়া তার সাংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াতের কর্মীদের আক্রমণের শিকার শত শত নিরপরাধ নাগরিক যাদের বোমা মেরে এবং অগ্নিসংযোগ করে হত্যা করা হয়েছে, তাদের বিষয়ে পুরোপুরি নীরব ছিলেন। সংবাদ মাধ্যমে আসা সর্বশেষ সংখ্যাটি ছিল প্রায় ১৩০ জন নিহত এবং ২০০ এর উপর আহতের।”

“এনারা কেউই রাজনৈতিক কর্মী ছিলেন না। তারা ছিলেন সাধারণ মানুষ যারা নিজেদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য বের হয়েছিলেন।”

জয় নির্বাচন বয়কট করে বিরোধী জোটের হরতাল-অবরোধে সহিংসতার বিষয়ে গণমাধ্যমের খবরের কয়েকটি লিঙ্কও নিজের স্ট্যাটাসের সঙ্গে জুড়ে দিয়েছেন।

খালেদা জিয়া হামলার শিকার নিরীহ জনগণের চেয়ে সন্ত্রাসীদের বিষয়ে বেশি উদ্বিগ্ন দাবি করে জয় বলেন, “ধিক্কার জানাই খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াতকে। তিনি এখন আর জাতীয় নেত্রী নন। তিনি হলেন সন্ত্রাসীদের নেত্রী।”