২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জোট নেতাদের ডেকেছেন খালেদা

নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 12:02 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  খালেদা জিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন। রাত সাড়ে ৮টায় এই বৈঠক হবে।

তিনি জানান,  খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে। বিএনপি চেয়ারপারসন সন্ধ্যা সাড়ে ৭টায় কার্যালয়ে যাবেন। সেখানে সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত ৫ জানুয়ারি নির্বাচনের পর তা বাতিলের দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

পরে গত শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সোমবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ পালনের ঘোষণা দেন।

তিনি জানান, পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

১৮ দলীয় জোট নেতাদের এই বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ গত ১৮ নভেম্বর জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে ওই বৈঠক হয়।  পরদিন ১৮ দলীয় জোটের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে বঙ্গভবনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।