২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একগুয়েমি’ ছাড়ুন, সমঝোতায় আসুন: সরকারকে খালেদা

‘একতরফা’ নির্বাচন করার ‘একগুয়েমি’ ছেড়ে সমঝোতায় আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 08:51 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

দুই দলকে সংলাপে বসিয়ে জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর ঢাকা ছাড়ার একদিন বাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই আহ্বান জানান।

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধে সংঘাত-সহিংসতায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে ঢাকায় আসেন জাতিসংঘের সহকারী মহাসচিব।

যাওয়ার সময় তিনি আশা প্রকাশ করে গেছেন, দুই দলের সংলাপ অব্যাহত থাকবে এবং এর মধ্যদিয়েই সঙ্কটের সমাধান আসবে।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন,  “সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে সরকার প্রহসনের মাধ্যমেই তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে। এর প্রতিবাদে সারাদেশে মানুষ আন্দোলন করছে, তাদেরকে নিষ্ঠুরভাবে গুলি করে মারা হচ্ছে।

“সরকারের পৈশাচিক দমন-পীড়ন এবং এর বিরুদ্ধে জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনে জনজীবন আজ স্থবির, মানুষ কষ্ট পাচ্ছে, অচলাবস্থার কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “অথচ সরকার নির্বিকার ও অনড়। দেশের অস্বাভাবিক পরিস্থিতি সকলে অনুভব করলেও সরকার বলছে, সব কিছু স্বাভাবিক। এটা কোনো সুস্থ স্বাভাবিক মনোভাব হতে পারে না।

“আমাদের আহ্বান ও দেশবাসীর আকুতিকে সাড়া না দিলেও জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের মধ্যস্থতায় সরকারি দল আলোচনায় বসতে সম্মত হওয়ায় দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আমি আশা করি, দেশের মানুষের প্রত্যাশাকে সরকার বিবেচনায় নেবেন। একগুয়েমি পরিহার করে শান্তি ও সমঝোতার পথে এগুবেন।”

সমঝোতার পথ প্রশস্ত করতে নির্বাচনের তফসিল স্থগিত, বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেয়া, সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিরোধী দলের আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ বন্ধ করার দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

আওয়ামী লীগ বহুদলীয় সরকার গড়ে নির্বাচনের পথে এগোলেও নির্দলীয় সরকারের দাবিতে রাজপথে আন্দোলনে রয়েছে বিএনপি। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ায় অংশও নেয়নি তারা।

খালেদা জিয়া বলেন, “সরকার জানে, সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করবে। সেকারণে তারা সমঝোতার পথ এড়িয়ে সংঘাত ও বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে। তারা একতরফা ও প্রতিদ্বন্দ্বিতাহীন প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

“এরশাদের জাতীয় পার্টিও এই তথাকথিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ফলে পুরো প্রক্রিয়াটি আজ এক হাস্যকর প্রহসনে পরিণত হয়েছে।”

বিরোধীদলীয় নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন,  “জনগণের দাবিকে পাশ কাটাতে সরকার নিরাপরাধ মানুষকে অন্তর্ঘাতের মাধ্যমে হত্যা করে পরিস্থিতির মোড় ঘোরাবার অপচেষ্টা বারবার করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

চলমান আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,  “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।”

ভারতকে আহ্বান

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশের চলমান সঙ্কট অবসানে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর তৎপরতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “প্রভাবশালী প্রতিবেশী দেশ ভারতের সরকার ও জনগণের প্রতিও আমার আহ্বান, তারাও যেন বাংলাদেশের বিপুল সংখ্যক জনগণের অনুভূতি, দাবি ও মনোভাবের প্রতি সম্মান না দেখিয়ে বিশ্ব সম্প্রদায়ের অবস্থানের সঙ্গে একাত্ম থাকেন।”

বাংলাদেশের চলমান সঙ্কটে আন্তর্জাতিক মহলের তৎপরতার মধ্যে এই মাসের শুরুতে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর তিনি সংবাদ সম্মেলনে বলেন, সর্বোচ্চ সংখ্যক দলের অংশগ্রহণে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন দেখতে চায় নয়া দিল্লি।

বিএনপি চেয়ারপারসন চলমান সঙ্কট অবসানে উদ্যোগ নেয়ার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানকেও ধন্যবাদ জানান তিনি।

 

পুরনো খবর:

আলোচনায় এনেছি, তা চালিয়ে যেতে হবে: জাতিসংঘ দূত