২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাউকে লাঙ্গল না দেয়ার অনুরোধ এরশাদের

জাতীয় পার্টির প্রার্থীদের পক্ষ থেকে জমা দেয়া সব মনোনয়নপত্র বাতিল করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ ইসি সচিব মোহাম্মদ সাদিকের কাছে এই আবেদনপত্র জমা দেন।

তবে রিটার্নিং কর্মকর্তাদের জন্য জারি করা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কোনো আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র দলীয়ভাবে প্রত্যাহারের কোনো সুযোগ নেই।

প্রধান নির্বাচন কমিশনারকে জাপা চেয়ারম্যান লিখেছেন, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘লাঙ্গল’ প্রতীকপ্রাপ্ত।

“আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত বর্তমান তফসিল অনুযায়ী জাতীয় পার্টি এ নির্বাচন থেকে বিরত থাকবে এবং ইতোমধ্যে পার্টি প্রদত্ত সব মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ  নির্বাচনে ‘লাঙ্গল’ প্রতীক কাউকে বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানিয়েছেন এরশাদ।

শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগের দিনই এরশাদের পক্ষ এ অনুরোধ করা হলো।

এ আবেদনের বিষয়ে ইসির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া না গেলেও রিটার্নিং কর্মকর্তাদের জন্য জারি করা এক পরিপত্রে কমিশন বলেছে, প্রার্থী স্বয়ং বা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নোটিস দিলেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। বাছাইয়ে বৈধ ঘোষণা হয়েছে এমন কোনো প্রার্থীর মনোনয়নপত্র দল বাতিল করতে চাইলে তা আমলে নেয়া হবে না। 

তবে একই আসনে একাধিক প্রার্থী থাকলে একজনকে চূড়ান্ত করে দলীয় নোটিস আমলে নেবেন রিটার্নিং কর্মকর্তা।

৫ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচনে অংশ নিতে জাতীয় পাটির আড়াই শতাধিক প্রার্থী গত ২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন। তবে পরদিন এক আকস্মিক ঘোষণায় এরশাদ জানান, সব দল না আসায় তিনিও নির্বাচনে যাবেন না।