২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রলীগ কর্মীর রগ কেটেছে শিবির

রাজশাহীর বাঘায় এক ছাত্রলীগ কর্মীর হাতের রগ কেটেছে শিবির।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 07:54 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

বুধবার সন্ধ্যায় উপজেলার ছাতারী এলাকায় হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহত মিজানুর রহমানকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে বাঘা থানার ওসি আবুল খায়ের বলেন, “সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছাতারী এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন ছাত্রলীগ কর্মী মিজানুর।

“বাড়ি থেকে কয়েকশ’ গজ দূরে ইসলামী ছাত্রশিবির কর্মী শিমুল, হানিফ, কাউসার ও মান্নান তার ওপর হামলা চালিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।”

এতে সে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তার ডান হাতের রগ কেটে দিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরে স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক জানান, মিজানুর বাঘার শাহদৌল্লা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং উপজেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য।