২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমা বিস্ফোরণ, গাড়ি ভাংচুর

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং গাড়ি ভাংচুর করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 11:06 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার রাত ৮টার পর থেকে নগরীর আন্দরকিল্লা ও অক্সিজেন মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তফসিল ঘোষণার পর রাত সোয়া আটটার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকায় মিছিল বের করে শিবির। এসময় মিছিল থেকে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই এলাকায় যান চলাচল কমে যায়।

নগর পুলিশের কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দরকিল্লা মোড়ে দুর্বৃত্তরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

এদিকে তফসিল ঘোষণার পর নগরীরর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় বিএনপি-জামায়াত কর্মীরা কয়েকটি যানবাহনে ঢিল ছুড়লে গাড়ির কাচ ভেঙ্গে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তবে এধরণের কোনো ঘটনার কথা স্বীকার করেনি পুলিশ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রামের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিরাপত্তা জোরদার করেছি। গুরুত্বপূর্ণ সব এলাকায় টহল চলছে। এখন পর্যন্ত অপ্রীতিকর কিছু ঘটেনি।”

এদিকে তফসিলকে প্রত্যাহার করে রাতে নগরীর সিনেমা প্যালেস এলাকায় মিছিল করে জামায়াতে ইসলামী।

অন্যদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নগরীর মোমিন সড়কে মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

পুরনো খবর:

তফসিলের পর সাতকানিয়ায় জামায়াতের অবরোধ, ভাংচুর