২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুধু লাল টেলিফোনে কেন চেষ্টা করলেন’

টেলিফোনে আলাপে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, তিনি আন্তরিক হলে লাল টেলিফোন ছাড়া অন্য কোনো উপায়ে হলেও ফোন দিতে পারতেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 01:09 AM

Updated : 23 Aug 2022, 07:10 PM

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান দুই নেত্রীর টেলিফোন আলাপ শেষে খালেদা জিয়াকে উদ্ধৃত করে এ কথা জানান।  

শনিবার দুপুরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী টেলিফোন করলেও বিরোধীদলীয় পাওয়া যায়নি বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।

পরে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়, লাল টেলিফোনটি বিকল। সন্ধ্যা ৬টার দিকে ফের ফোন দিয়ে ৩৭ মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী।

মারুফ কামাল খান বলেন, “বিরোধীদলীয় নেতা বলেছেন, এই লাল টেলিফোনটি দীর্ঘদিন ধরে বিকল পড়ে আছে। বারবার অভিযোগ করলেও তা সচল করা হয়নি। আজ সংবাদকর্মীদের ডেকে তা দেখানো হয়েছে। এই টেলিফোনটি মৃত, কোনো সাড়া শব্দ নেই।”

“আপনি যদি আন্তরিকভাবে আমার সঙ্গে দিনে বা গতকাল রাতে কথা বলতে চাইতেন, তাহলে আজকের যুগে অনেক মাধ্যম আছে, তা দিয়ে করতে পারতেন। যে মাধ্যম দিয়ে আপনার স্টাফরা আমার স্টাফদের সঙ্গে কথা বলেছেন। আপনি সারা দিন এক লাল টেলিফোনে চেষ্টা করেছেন, তা ঠিক হয়নি।”

এদিকে খালেদা জিয়াকে ফোন করে শেখ হাসিনা বলেন, “আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি রেড টেলিফোন থেকে নিজের হাতে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত যে আপনি ধরতে পারেননি।

“ফোন ডেড, না কি ডেড করে রাখা হয়েছে, বলতে পারছি না। আগামীকাল আমি দেখব।”

পুরনো খবর:

খালেদার টেলিফোন: বিকলের কারণ পায়নি বিটিসিএল