খালেদার টেলিফোন: বিকলের কারণ পায়নি বিটিসিএল
খালেদা জিয়ার বাড়ির সরকারি ‘রেড’ টেলিফোন বিকল থাকার কোন কারণ খুঁজে পাচ্ছে না বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বিটিসিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে বিষয়টি জানার পরই শেরে বাংলানগর এক্সচেঞ্জ ও গুলশান এক্সচেঞ্জের লাইন পরীক্ষা করা হয়, এর পর বিএনপি চেয়ারপারসনের বাসার সামনের টেলিফোন কেবিনেটও পরীক্ষা করা হয়েছে।
“সেখানে কোন সমস্যা না পাওয়ায় বাসা পর্যন্ত লাইন পরীক্ষা করা হয়, তবে বাসার ভেতরে গিয়ে ফোন সেট বা লাইন চেক করা হয়নি।”
শনিবার রাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জনসংযোগ কর্মকর্তা মীর মো. মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেড টেলিফোন বিকল থাকার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট এলাকার প্রকৌশলীরা পরীক্ষা শুরু করে।”
এর আগে দুপুরে শেখ হাসিনা টেলিফোন করে খালেদা জিয়াকে পাননি। এরপর সন্ধ্যা সোয়া ৬টার পর বিএনপি চেয়ারপারসনকে পুনরায় ফোন করে প্রায় ৩৭ মিনিট কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
খালেদা জিয়াকে ফোন করে শেখ হাসিনা বলেন, “আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি রেড টেলিফোন থেকে নিজের হাতে ফোন করেছি। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত যে আপনি ধরতে পারেননি।
“ফোন ডেড, না কি ডেড করে রাখা হয়েছে, বলতে পারছি না। আগামীকাল আমি দেখব।”
