২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলকে তারানকোর ফোন

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পর মঙ্গলবার জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর টেলিফোন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 09:16 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে জাতিসংঘ মহাসচিবের দূত হয়ে পাঁচ মাস আগে ঢাকায় সফর করে যাওয়া তারানকো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির মুখপাত্রের সঙ্গে কথা বলেন।

বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন তারানকো। তিনি রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন।”

মির্জা ফখরুল নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বিরোধীদলীয় নেতার প্রস্তাব তারনকোকে জানান। সংলাপের জন্য আওয়ামী লীগকে চিঠি পাঠানোর কথাও জানান তাকে।

বিকালে তারানকোর ফোন পাওয়ার আগে সকালে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফের ফোন পান মির্জা ফখরুল। তার আগেই সংলাপের উদ্যোগের আহ্বান জানিয়ে ফখরুলের একটি চিঠি আশরাফের বাড়িতে নিয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

নির্বাচনকালীন দুই দলের পাল্টাপাল্টি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে গত মে মাসে বান কি-মুনের পক্ষ থেকে ঢাকা সফরে আসেন আর্জেন্টাইন কূটনীতিক তারানকো।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন, আলোচনা করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।

তার সফরের পাঁচ মাস পর প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে বিএনপিকে অংশ নেয়ার আহ্বান জানান।

বিরোধীদলীয় নেতা ওই প্রস্তাব গ্রহণ না করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতির একটি পাল্টা প্রস্তাব দিয়ে তা নিয়ে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

দুই নেত্রীর প্রস্তাবের পর দুই পক্ষের আলোচনার দ্বার খুলল বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। এর একদিন বাদেই দুই প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত মহাসচিবের মধ্যে ফোনালাপ হল।

পুরনো খবর:

সংলাপ দ্রুত শুরু করার তাগিদ তারানকোর