নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন নয়: খালেদা
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব কার্যত প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের দাবি আবার জানালেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
প্রধানমন্ত্রীর প্রস্তাবের দুদিনের মাথা্য় এক অনুষ্ঠানে বক্তব্যে দলের অবস্থান জানানোর পাশাপাশি একতরফা নির্বাচনের চেষ্টা না করতেও সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়ে তাতে অংশ নিতে শুক্রবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই প্রস্তাবের পর দলীয় ও জোট নেতাদের সঙ্গে বৈঠকের পর সোমবার সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়ায় জানাবেন বলে বিএনপিপন্থী পেশাজীবীদের সম্মেলনে বক্তব্যে জানান বিএনপি চেয়ারপারসন।
তবে সেই সঙ্গে তিনি বলেন,“আওয়ামী লীগ সরকারের কার্যকলাপে প্রমাণ হয়ে গেছে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচনে বিরোধী দল যাবে না।”
সরকারকে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়ে খালেদা বলেন, “আমি সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি পুলিশ-র্যাব-বিজিবি দিয়ে আপনারা একতরফা নির্বাচন করেন, তা হতে দেয়া হবে না। আমি বলছি, বাংলাদেশে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর ফলে এখন আগামী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন হবে। নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে শেখ হাসিনার সরকার এবং সংসদ বহাল থাকবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বিএনপি।
দুই প্রধান দলের পাল্টাপাল্টি অবস্থানে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে সরে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের আনুষ্ঠানিক প্রস্তাব দেন।
খালেদা জিয়া বলেন, “আওয়ামী লীগ সরকারের কোনো কথা বিশ্বাস করা যায় না। তারা প্রতি পদে পদে মিথ্যা ও অসত্য কথা বলে। এক সময় আজকের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ আদালত ‘রং হেডড’ বলেছিলেন। এই ‘রং হেডেড’ এর কাছে দেশ ‘রং’ পথে পরিচালিত হচ্ছে।”
সংবিধান অনুসরণের বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে ২০০৭ সালের কথাও স্মরণ করিয়ে দেন বিরোধী নেতা।
“এতই যদি সংবিধানের দোহাই দেন, তাহলে ২০০৭ সালের ২২ জানুয়ারি সংবিধান অনুযায়ী কেন বিচারপতি কে এম হাসানকে আপনি মেনে নেননি। তখন কে এম হাসানকে মানা না হলে আমরা কেন আপনার ( শেখ হাসিনা) অধীনে নির্বাচন মেনে নেব।”
“জনপ্রিয় হলে সমান সুযোগ সৃষ্টি করে নির্বাচন দিন। সেই সাহস কেন প্রধানমন্ত্রীর হয় না। জনগণ ওই রকম নির্বাচন যাবে। ওই নির্বাচন দিয়ে দেখুন, আপনি জিতলে আমরা স্বাগত জানাব।”
সরকারি কর্মসূচিতে গিয়ে প্রধানমন্ত্রীর ভোট চাওয়ার সমালোচনা করে বিরোধী নেতা বলেন, “নির্বাচনের আগেই এখন থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টার চড়ে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন।
“প্রধানমন্ত্রীকে বলব, আপনি কি দেখেছেন,আপনার নৌকা ফুটো হয়ে গেছে। মাঝিসহ কেউই ওই নৌকায় উঠবে না।”
দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করে বিএনপি গণতন্ত্র ব্যাহত করতে চায় বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাবে খালেদা বলেন, “আপনিই তখন সেজেগুজে ফখরুদ্দীন-মইনুদ্দিন সরকারকে স্বাগত জানিয়েছিলেন। বলেছিলেন, ‘এই সরকার আমাদের আন্দোলনের ফসল’।”
দেশে অগণতান্ত্রিক সব সরকার আওয়ামী লীগের সমর্থন পেয়েছিল বলেও দাবি করেন বিএনপি চেয়ারপারসন।
“সরকার সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে। ঘরোয়া সভা পর্যন্ত করতে দিতে চায় না। এই সম্মেলনে আসার সময়ে আমি দেখলাম, বাইরে এমনভাবে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যেন একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে।”
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান দিতে সরকারের প্রতি দাবি জানান বিরোধীদলীয় নেতা।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি দেলাওয়ার হোসাইনের মুক্তিও দাবি করেন তিনি।
“মাহমুদুর রহমানকে মুক্তি দিন, সে কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি। ...শিবিরের সভাপতির ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে। পঙ্গু করে দেয়া হয়েছে।”
দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতে ২৫ অক্টোবর দুই প্রধান দল সমাবেশের ঘোষণা দেয়ায় ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ। পরে শর্ত সাপেক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপিপন্থী পেশাজীবীদের এই সমাবেশের অনুমতি দেয়া হয়।
চলমান আন্দোলনে পেশাজীবীদের সমর্থন চেয়ে খালেদা জিয়া বলেন,“গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপনাদের আমার পাশে চাই। আপনারা যদি আমার পাশে নাও থাকেন, তাহলেও আমি একলাই লড়ব।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে অনুষ্ঠিত এই সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীসহ কয়েক হাজার পেশাজীবী অংশ নেন।
দুপুরে অনুমতির পাওয়ায় সম্মেলন কক্ষের মিলনায়তনে সাজানো যায়নি বলে আয়োজকরা জানান। ফলে অনুষ্ঠান মঞ্চের সাজসজ্জা হয়নি।
মিলনায়তনে চারপাশে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, পুলিশি ‘নির্যাতনে’ নিহত অ্যাডভোকেট এম ইউ আহমেদ, সাংবাদিক দম্পতি সাগর-রুনি, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান, পুলিশি নির্যাতনের শিকার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ছবি ছিল।
সম্মেলন স্থলের বাইরে খালেদা জিয়ার বড় প্রতিকৃতি টানানো ছিল, ছিল জিয়াউর রহমান ও তারেক রহমানের প্রতিকৃতিও।
সম্মেলন কেন্দ্রের প্রধান ফটকের বাইরের সড়কে সকাল থেকে জল কামান, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিনের সভাপতিতে বেলা সাড়ে ৩টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানটি পরিচালনা করছেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সঅধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ, জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক নাজির আহমেদও সম্মেলনে বক্তব্য রাখেন।
