২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে পেশাজীবী সম্মেলনের অনুমতি

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বুকিং বাতিলের পর দুপুরে বিএনপিপন্থী সম্মিলিত পেশাজীবী পরিষদকে সেখানে সম্মেলন করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সম্মেলন কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বেলা পৌনে ১টার দিকে সাংবাদিকদের বলেন, “সম্মিলিত পেশাজীবী পরিষদকে শর্তসাপেক্ষে কনভেনশন করার অনুমতি দেয়া হয়েছে।”

রোববার বিকাল ৩টায় এই কনভেনশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।

বিল্পব কুমার সরকার বলেন, সম্মেলন কেন্দ্রের ভেতরেই কনভেনশন করতে হবে। বাইরে কোনো কর্মসূচি পালন করা যাবে না। বাইরে মাইকও ব্যবহার করা চলবে না। সম্মেলন শেষ করতে হবে সন্ধ্যার মধ্যে। আইনশৃঙ্খলা ভঙ্গ হয়- এমন কিছুও সেখানে ঘটানো যাবে না।

“পেশাজীবী পরিষদের নেতারা এসব শর্ত মেনে নেয়ায় কর্তৃপক্ষ তাদের কনভেনশন করার অনুমতি দিয়েছে।”

উপ কমিশনারের এই ঘোষণার পরপরই বেলা ১টার দিকে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের ফটকগুলো খুলে দেয়া হয়। পরিষদের নেতারাও এর পরপরই সেখানে প্রবেশ করেন।

বিএনপির ২৫ অক্টোবরের জনসভা এবং একই দিনে ক্ষমতাসীন দলের মাঠে থাকার ঘোষণার প্রেক্ষাপটে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রোববার সকাল থেকে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ। সকালেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, পেশাজীবী পরিষদের বুকিং বাতিল করা হয়েছে। 

এদিকে সম্মেলন কেন্দ্রের প্রধান ফটক সকাল থেকেই ঘিরে রাখে পুলিশ। বাইরে সড়কের ওপর তৈরি রাখা হয় জল কামান ও  প্রিজন ভ্যান।

এই পরিস্থিতিতে বেলা ১২টার দিকে সম্মিলিত পেশাজীবী জাতীয় কনভেনশন আয়োজক কমিটির আহবায়ক রুহুল আমিন গাজী ঘোষণা দেন, যে কোনো মূল্যে তারা সম্মেলন করবেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও তাতে যোগ দেবেন।

“আমি বা সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন- কারো কাছে এখনো বুকিং বাতিলের কোনো নোটিশ বা চিঠি আসেনি। আমাদের কনভেনশন দুপুর ২টায় শুরু হবে। আমরা কনভেনশনে যাব।”

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘‘ এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত থাকবেন। তিনি আড়াইটার পর এই কনভেনশনে এসে পৌঁছানোর কথা রয়েছে। ‘অ্যাট এনি কস্ট’ তিনি আসবেন বলে আমরা জানি।’’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বিরোধী দলীয় নেতার বিকালে ওই অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি আছে। আয়োজকদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাব।”

এদিকে দুপুরের আগে আগে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের আশেপাশেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাতেও।

রুহুল আমিন গাজী সাংবাদিকদের বলেন, ‘‘ গত ৫ অক্টোবর ৫ লাখ ৮০ হাজার ৫শ টাকা দিয়ে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিলনায়তনের বুকিং নিয়েছি। আমাদের সব প্রস্তুতি শেষ। এখন কীভাবে কর্তৃপক্ষ তা বাতিল করে। এটা মগের মুল্লুক?”

পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সে সময় সাংবাদিকদের বলেন, ‘‘ আমরা সবার প্রতি আহবান জানাব, সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতি সন্মান প্রদর্শন করবেন, শ্রদ্ধাশীল হবেন। কারণ আমরা যা কিছু সিদ্ধান্ত নিয়েছি, তা জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে।’’

এর এক ঘণ্টার মাথায় শর্তসাপেক্ষে সম্মেলনের অনুমতি দেয়ার কথা সাংবাদিকদের জানান এই পুলিশ কর্মকর্তা।  

পুরনো খবর:

খালেদার অনুষ্ঠানের বুকিং বাতিল, সম্মেলনকেন্দ্র ঘিরে পুলিশ
‘যে কোনো মূল্যে’ সম্মেলন করার ঘোষণা