‘যে কোনো মূল্যে’ সম্মেলন করার ঘোষণা
বুকিং বাতিলের কোনো চিঠি পাননি দাবি করে ‘যে কোনো মূল্যে’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলন করার ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা।
সম্মিলিত পেশাজীবী জাতীয় কনভেনশন আয়োজক কমিটির আহবায়ক রুহুল আমিন গাজী বলছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও বিকালে তাদের অনুষ্ঠানে যোগ দেবেন।
ফাইল ছবি
বিএনপির ২৫ অক্টোবরের জনসভা এবং একই দিনে ক্ষমতাসীন দলের মাঠে থাকার ঘোষণার প্রেক্ষাপটে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার পর এই ব্যবস্থা নেয়া হয়।
রুহুল আমিন গাজী বলেন, “এখন ১২টা বাজে। আমি বা সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন- কারো কাছে এখনো বুকিং বাতিলের কোনো নোটিশ বা চিঠি আসেনি। আমাদের কনভেনশন দুপুর ২টায় শুরু হবে। আমরা কনভেশনে যাব।”
রুহুল আমিন গাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশেরও সভাপতি।
তিনি বলেন, “এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত থাকবেন। তিনি আড়াইটার পর এই কনভেনশনে এসে পৌঁছানোর কথা রয়েছে। ‘অ্যাট এনি কস্ট’ তিনি আসবেন বলে আমরা জানি।”
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“বিরোধী দলীয় নেতার বিকালে ওই অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি আছে। আয়োজকদের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানাব।”
এদিকে সম্মেলন কেন্দ্রের প্রধান ফটক সকাল থেকেই ঘিরে রেখেছে পুলিশ। কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বাইরে সড়কের ওপর তৈরি রাখা হয়েছে জল কামান ও প্রিজন ভ্যান।
রুহুল আমিন গাজী বলেন, “গত ৫ অক্টোবর ৫ লাখ ৮০ হাজার ৫শ টাকা দিয়ে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিলনায়তনের বুকিং নিয়েছি। আমাদের সব প্রস্তুতি শেষ। এখন কীভাবে কর্তৃপক্ষ তা বাতিল করে। এটা মগের মুল্লুক?”
তিনি বলেন, “আমরা ঢাকা মহানগর পুলিশের আইন মেনেই চলছি। তারা রাস্তার সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমাদের অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়া। এখানে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই।”
গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পেশাজীবীদের সম্মেলন করেছেন বলে মনে করিয়ে দেন এই পেশাজীবী নেতা।
কনভেনশন করতে না দিলে কি করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যাব। এখনো বলছি, কনভেনশন হবেই। এরপর পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব।”
সম্মেলন কেন্দ্রের সামনে দায়িত্বে থাকা তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, “আমরা সবার প্রতি আহবান জানাব, সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতি সন্মান প্রদর্শন করবেন, শ্রদ্ধাশীল হবেন। কারণ আমরা যা কিছু সিদ্ধান্ত নিয়েছি, তা জনগনের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে।”
এরপরও সম্মিলিত পেশাজীবী পরিষদ কনভেনশন করার চেষ্টা করলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, “তা হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।”
