২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অনুষ্ঠানের বুকিং বাতিল, সম্মেলনকেন্দ্র ঘিরে পুলিশ

রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলনকেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনের বুকিং বাতিল করেছে কর্তৃপক্ষ, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

রোববার বিকেল ৩টায় এ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও সকালে সম্মেলন কেন্দ্রের কর্তৃপক্ষ বুকিং বাতিলের বিষয়টি জানায়।

বিএনপির ২৫ অক্টোবরের জনসভা এবং একই দিনে ক্ষমতাসীন দলের মাঠে থাকার ঘোষণার প্রেক্ষাপটে রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার পরদিন এই ব্যবস্থা নেয়া হলো।      

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউকে ভাড়া দেয়ার সময়ই চুক্তিপত্রে একটি শর্ত থাকে যে, কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় বুকিং বাতিল করতে পারে। সে অনুযায়ীই এটা করা হয়েছে।  

এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তৈরি রাখা হয়েছে প্রিজন ভ্যান।

এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, “যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ, সেহেতু কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে অনুষ্ঠান আমাদের নয়, পেশাজীবী সমন্বয় পরিষদের। তবে বিরোধী দলীয় নেতাকে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছিল। বুকিং বাতিল করার বিষয়টি আমরা শুনেছি। আয়োজকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।”