২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোট প্রতিহতের চেষ্টা দমন করা হবে’

ভোট প্রদানে বাধা দেয়ার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 07:23 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শনিবার সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর সদর দপ্তরের ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। যারা ভোট রোখার ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন তাদের উদ্দেশে বলি কোনোক্রমেই সে ভুল করার চেষ্টা করবেন না।

“ভোট প্রদানে যদি বাধা দেয়ার চেষ্টা করা হয়, তাহলে দেশের জনগণ ও গণতন্ত্রের শত্রু এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে কঠোর হস্তে দমন করা হবে।”

বিকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া এলাকায় র‌্যাব-১২ এর সদর দপ্তরের নতুন ২য় তলা ভবন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে জনগণের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার খুনি, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করে আসছে।

আগামীতে যদি কেউ এসব কার্যকলাপ করে তাদের তালিকা তৈরি করে প্রশাসনকে দেবেন।

দেশের আইনশৃংখলা রক্ষায়, জঙ্গি ও চরমপন্থী দমন এবং মাদক নিয়ন্ত্রণে র‌্যাব প্রশংসনীয় ভূমিকা রেখেছে। তাই তাদের আধুনিকায়নে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী ১৯ সেপ্টেম্বর জামায়াতের হরতাল চলাকালে সিরাজগেঞ্জর চন্ডিদাসগাতিতে পিকেটারের হামলায় যুবলীগকর্মী মাসুদকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

এছাড়া নিহতের পরিবারকে খাসজমি দেয়ার নির্দেশ দেন জেলা প্রশাসককে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেয়ারও আশ্বাস দেন তিনি।  

র‌্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জামিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য দেন।