২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিতদের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব জাপার

বিরোধী দলের দাবি অনুযায়ী নির্দলীয় নয়, আবার সরকারের কথা অনুযায়ী বর্তমানও নয়- এমন একটি নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 11:55 PM

Updated : 23 Aug 2022, 06:51 PM

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানের মধ্যে রোববার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আলোচনায় এই প্রস্তাব তুলে ধরা হয়।

বর্তমান সংসদের ১০ জন প্রতিনিধি নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের এই প্রস্তাব দেয়া হয় বলে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।

বিকালে জাতীয় পার্টির মহাসচিবের গুলশানের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল যায়।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ঢাকায় ইইউর মিশন প্রধান উইলিয়াম হানা বলেন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। তারই অংশ হিসেবে জাতীয় পার্টির সঙ্গে এই বৈঠক।

দলের প্রস্তাবের বিষয়ে রুহুল আমীন বলেন, “বর্তমান সংসদের ১০ জন প্রতিনিধি দিয়ে আন্তর্বর্তী সরকার গঠিত হতে পারে। সরকার প্রধান কে হবে- তা প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে ঠিক হবে।”

এই প্রস্তাবে ইউরোপীয় ইউনিয়ন সন্তোষ প্রকাশ করেছে বলে জানান তিনি।  

জাপা মহাসচিব বলেন, সঙ্কট উত্তরণে সংলাপে পক্ষে অবস্থান জানিয়েছেন তারা।

“আমাদের পার্টির চেয়ারম্যান এর আগেও সংলাপের আহবান জানিয়ে দুই নেত্রীকে চিঠি দিয়েছেন।”

উইলিয়াম হানা বলেন, “আমাদের যে অভিজ্ঞতা, তার আলোকে আমরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাই।

“আমরা চাই বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক।”