সংসদ বহাল রেখে আরেকটি নির্বাচন নজিরবিহীন: রফিকুল
বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া বলেছেন, একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন বিশ্বে নজিরবিহীন।
বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার এক আলোচনা সভায় একথা বলেছেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সংসদ রেখেই পরবর্তী সংসদ নির্বাচনের পরিকল্পনা করছে সরকার।
“পৃথিবীর কোথাও একটি সংসদ জীবিত রেখে আরেকটি সংসদ নির্বাচনের বিধান নেই। তাই প্রধানমন্ত্রী যা বলছেন, তা ঠিক নয়। বিশ্বের গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন করতে হলে পঞ্চদশ সংশোধনীতে আবার সংশোধন আনতে হবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় পরবর্তী নির্বাচন হবে। এতে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে আগের মতো তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহালের দাবি বিএনপির।
রফিকুল বলেন, সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনে সব দলের সমান সুযোগ সৃষ্টির নিশ্চয়তাকে রহিত করেছে। এটা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।
জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রের মুক্তির দাবিতে এই সভা হয়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে সরকারকে সংলাপে বসার আহ্বান জানান।
সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক বোরহান উদ্দিন খান, অধ্যাপক মামুন আহমেদ, সৈয়দ মুহাম্মদ আলমগীর, অধ্যাপক তাহমিনা আখতার, অধ্যাপক এম এ আজিজ, মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খলিলুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল এম এ লতিফ খান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকৌশলী হারুন অর রশীদ, রিয়াজুল ইসলাম রিজু, ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) এর অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, সাংবাদিক এম এ আজিজ, এম আবদুল্লাহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এ জেড এম জাহিদ হোসেন।
