২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটন টাইমসের বক্তব্য সঠিক নয়: বিএনপি

খালেদা জিয়ার নামে ওয়াশিংটন টাইমসে প্রকাশিত নিবন্ধ সম্পর্কে পত্রিকাটির নির্বাহী সম্পাদক যে  বক্তব্য দিয়েছেন তা ‘সঠিক’ নয় বলে দাবি করছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2013, 11:25 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

Image
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

বুধবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিরোধী দলীয় নেতা কোনো লেখা ওয়াশিটন টাইমসে পাঠাননি। প্রকাশিত লেখাটি খালেদা জিয়ার নয়। নিবন্ধ প্রকাশের পর থেকেই বিএনপি এর প্রতিবাদ করে আসছে। এরপরও পত্রিকার নির্বাহী সম্পাদক যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়।”

চলতি বছরের  ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের  ওয়াশিংটন টাইমসে ‘জিয়া: দ্য থ্যাঙ্কলেস রোল ইন সেভিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়, যার নিচে লেখক পরিচিতি হিসেবে লেখা হয়, ‘বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ ও বর্তমানে সংসদের বিরোধীদলীয় নেতা’। 

মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ই-মেইলের উত্তরে ওয়াশিংটন টাইমসের নির্বাহী সম্পাদক ডেভিড এস জ্যাকসন জানান, এজেন্টের মাধ্যমে পাঠানো নিবন্ধটি যে খালেদা জিয়ার তা নিশ্চিত হওয়ার পরই তারা তা ছাপিয়েছেন।

“ওই নিবন্ধ ওয়াশিংটন টাইমসের কাছে আসে মার্ক পার্সির মাধ্যমে, লন্ডনভিত্তিক এই মধ্যস্থতাকারী খালেদা জিয়ার পক্ষে কাজ করেন। নিবন্ধটি প্রকাশের আগে এবং পরেও তার সঙ্গে আমরা যোগাযোগ রক্ষা করেছি, আমরা এর নির্ভরযোগ্যতা নিয়ে নিঃসন্দেহ,” বলেন জ্যাকসন।

তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন,  বিরোধী দলীয় নেতার মিডিয়া সংক্রান্ত লেখা ও বিবৃতি সব কিছু তার মাধ্যমে হয়ে থাকে। বিরোধী দলীয় নেতা কোনো লেখা বা নিবন্ধ ওয়াশিংটন টাইমসে পাঠাননি। তার লেখা প্রকাশের জন্য কোনো প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিকে তিনি নিয়োজিত করেননি। সুতারাং ওয়াশিংটন টাইমসের নিবন্ধটি কোনোভাবে বিরোধী দলীয় নেতার নয়।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের পর খালেদা জিয়ার নামে প্রকাশিত নিবন্ধটি নতুন করে আলোচনায় আসে। ওই নিবন্ধে জিএসপি সুবিধা বাতিলের জন্য সরাসরি আহ্বান জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, “ওয়াশিংটন টাইমস একটি বেসরকারি প্রতিষ্ঠান। ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে, খালেদা জিয়ার স্বাক্ষর জাল করে এ ঘটনা ঘটাতে পারে।”

খালেদা জিয়ার লেখার বিষয়ে ওয়াশিংটন টাইমসের নির্বাহী সম্পাদকের বক্তব্যের কোনো প্রতিবাদ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন,  “এ বিষয়ে দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমি মনে করি অবশ্যই প্রতিবাদ পাঠানো উচিৎ। ”

রিজভী বলেন,  “বিদেশি পত্রিকায় দেশের বিরুদ্ধে লেখা পাঠানোর অভ্যাস বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেই। খালেদা দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী। শ্রমিকদের বিপক্ষে অথবা তাদের স্বার্থ  ক্ষুন্ন হয় এমন কোনো কাজ তিনি করেননি, করবেন না- এটা দেশের জনগণ কখনো বিশ্বাস করবে না।”

“বরং দেশের বিরুদ্ধে চিঠি লেখার অভ্যাস বর্তমান প্রধানমন্ত্রীর রয়েছে। বাংলাদেশে বিদেশি সাহায্য বন্ধ করে দেয়ার জন্য তিনি (শেখ হাসিনা) বিরোধী দলীয় নেতা থাকাকালে  বিভিন্ন সময়ে বিশ্ব ব্যাংকসহ বিদেশিদের কাছে চিঠি দিয়েছেন।”

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “চার সিটি কর্পোরেশনে পরাজিত হয়ে সরকার এখন মারিয়া হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী সেল গঠন করে স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে।”

তিনি বলেন, গাজীপুরে শিক্ষক-শিক্ষিকা  ও শিক্ষার্থীদের সরকার দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় নামানো হয়েছে। সরকারের বিশেষ সংস্থা দিয়ে খালেদা জিয়া এবং ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রচারপত্র বিলি করা হচ্ছে।

তাছাড়া ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লংঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

আগামী ৬ জুলাই নির্বাচনের দিন গাজীপুরে সেনা মোতায়েনেরও দাবি জানান রিজভী।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

নিবন্ধটি খালেদারই: ওয়াশিংটন টাইমস