২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-এরশাদ বৈঠক

জোটে টানাপড়েনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

সিঙ্গাপুর থেকে ফেরার পর জাতীয় পার্টির অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার মধ্যে এই বৈঠক হলো।

বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে যান সংসদ সদস্য এরশাদ।

সেখানে দুজনে ৪০ মিনিট আলোচনা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আসিফ কবীর।

বৈঠক থেকে বেরিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি এখনো মহাজোটে রয়েছে।

এরশাদের সাম্প্রতিক সিঙ্গাপুর অবস্থানের সময় ওই দেশটিতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিরোধীদলীয় নেতার ওই সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ষড়যন্ত্র করতেই ওই সফরে যান খালেদা জিয়া।

এরশাদ সিঙ্গাপুর থেকে ফেরার পর তার সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এরপর ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এরশাদের বাড়িতে যান।

ওই সব বৈঠকের পরই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে এরশাদ বলেন, “সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। অনেকদিন দেখা হয় না, কথা হয় না। দেখা করলাম কথা বললাম।”

জাপা চেয়ারম্যান জানান, গাজীপুর সিটি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন ইত্যাদি বিষয়ে তাদের কথা হয়েছে।

গাজীপুরের সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে জাতীয় পার্টি সমর্থন দেবে কি না- প্রশ্ন করা হলে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

“আমরা তো এখনো মহাজোটেই আছি। আর গাজীপুরে তো স্থানীয় নির্বাচন হচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণার কী আছে।”

আগামী নির্বাচনে মহাজোটগতভাবেই অংশ নেবেন কি না- এ প্রশ্নের জবাবেও এরশাদ বলেন, “আমরা এখনো তো মহাজোটেই আছি।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটে জাতীয় পার্টি থাকলেও দুই দলের মধ্যে টানাপড়েন চলছে।

মহাজোটে গিয়ে ‘কিছুই পাইনি’ অনুযোগ করে আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণাও দিয়েছেন এরশাদ।

জাতীয় পার্টির সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বি বুধবার সংসদে বলেন, “মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে।”

পুরনো খবর:

এখনো মহাজোটে আছি: এরশাদ
দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়: এরশাদ