দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়: এরশাদ
রাজনৈতিক সঙ্কটের জন্য শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দায়ী করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, তাদের হাতে দেশ নিরাপদ নয়।
সোমবার রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নে জাতীয় পার্টির এক সমাবেশে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, “‘তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, আর আওয়ামী লীগও তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাবে না। দুই নেত্রী সিদ্ধান্তে অনড় থাকায় দেশ একটা সংঘাতের দিকে এগুচ্ছে।”
দুই প্রধান রাজনৈতিক দলের সমালোচনার করে তিনি বলেন, “একদল ক্ষমতায় যাওয়ার, আরেক দল ক্ষমতায় থাকার রাজনীতি করছে। মানুষ খুন আর রক্ত ঝরলে তাদের কিছু আসে যায় না।
“দুই নেত্রীর রাজনীতির যাঁতাকলে পিষ্ট হয়ে দেশের মানুষ এখন নিরাপদ আশ্রয় খুঁজছে। জাতীয় পার্টি সেই নিরাপদ আশ্রয়ের ঠিকানা।”
ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি এড়াতে সব দলের প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায় উভয় দলকে আসার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি।
বিরোধী দলের ঘন ঘন হরতালের সমালোচনার পাশাপাশি সেই পরিস্থিতি সৃষ্টির জন্য সরকারকেই দায়ী করেন এরশাদ।
হেফাজতে ইসলামের কর্মীদের পানি সরবরাহ করা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “আলেম-ওলামাদের পানি খাইয়ে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করেনি। ঈমানী দায়িত্ব পালন করেছে।”
সমাবেশে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি ফকর-উজ-জামান জাহাঙ্গীরকে পরিচয় করিয়ে দিয়ে এরশাদ বলেন, আগামী সংসদ নির্বাচনে এই আসনটি পুনরুদ্ধার করতে হবে।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন ফকর-উজ-জামান জাহাঙ্গীর।
