এখনো মহাজোটে আছি: এরশাদ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এইচ এম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখনো মহাজোটে আছে।
জোটে টানাপড়েনের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন শেখ হাসিনা।
বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সংসদ কার্যালয়ে এই বৈঠক হয়।
বৈঠক থেকে বেরিয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, “সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। অনেকদিন দেখা হয় না, কথা হয় না। দেখা করলাম কথা বললাম।”
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাদের তৎপরতায় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে শেখ হাসিনার এই বৈঠক হলো।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের কয়েকদিন আগে এরশাদের বাড়িতে যান। এরপর এরশাদের সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
শেখ হাসিনার সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে- জানতে চাইলে এরশাদ বলেন, গাজীপুর সিটি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন ইত্যাদি বিষয়ে কথা হয়েছে।
গাজীপুরের সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীকে জাতীয় পার্টি সমর্থন দেবে কি না- প্রশ্ন করা হলে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
“আমরা তো এখনো মহাজোটেই আছি। আর গাজীপুরে তো স্থানীয় নির্বাচন হচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণার কী আছে।”
আগামী নির্বাচনে মহাজোটগতভাবেই অংশ নেবেন কি না- এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, “আমরা এখনো তো মহাজোটেই আছি।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটে জাতীয় পার্টি থাকলেও দুই দলের মধ্যে টানাপড়েন চলছে।
মহাজোটে গিয়ে ‘কিছুই পাইনি’ অনুযোগ করে আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা রয়েছে এরশাদের।
জাতীয় পার্টির সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বি বুধবার সংসদে বলেন, “মহাজোটে ফাটল দেখা দিয়েছে। এ জোটের শরিক জাতীয় পার্টিকে অবমূল্যায়ন করা হচ্ছে।”
