সংবাদ সম্মেলনেই কথা হবে: জাহাঙ্গীর
বাড়ি ফিরে সংবাদ সম্মেলনে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আলোচিত মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলম।
ঢাকা থেকে রোববার বিকাল ৩টা ১০মিনিটে তিনি গাজীপুর সদরে বাসন এলাকায় নিজের বাড়ি পৌঁছান।
তিনি সাংবাদিকদের জানান, যা বলার তিনি সংবাদ সম্মেলনেই বলবেন।
ঢাকা থেকে তার সঙ্গে গাজীপুর আসেন জেলা আওয়ামী লীগের সহসম্পাদক রুবাইদুল হক রাসেল।
তিনি বলেন, জেলা আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীরা জাহাঙ্গীরের জন্য অপেক্ষা করছেন। বিকাল ৪টার দিকে তিনি সংবাদ সম্মেলনে কথা বলবেন।
আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হন জাহাঙ্গীর। তবে তার দল আওয়ামী লীগ ওই পদে নির্বাচনের জন্য সমর্থন দেয় আজমত উল্লাহ খানকে।
দলের এই বিভেদ মেটাতে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দুই প্রার্থীকেই ঢাকায় ডেকে পাঠান।
দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে আনারস প্রতীক নিয়ে প্রচারে নামা জাহাঙ্গীর রাতের ওই বৈঠকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, যা সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
এরপর থেকে জাহাঙ্গীরকে আর প্রকাশ্যে দেখা যায়নি। গাজীপুর ও উত্তরার দুটি বাড়ি একটিতেও তাকে পাওয়া যায়নি, তার মোবাইল ফোন দুটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীর আমাকে বলেছেন, তিনি কষ্টে আছেন, এখন রেস্টে আছেন।”
শনিবার রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানান, জাহাঙ্গীর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। রোববার তিনি এলাকায় ফিরবেন।
গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীর। এনিয়ে যে কমিটি হয়, তার আহ্বায়কও ছিলেন তিনি।
জাহাঙ্গীর গাজীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। মেয়র পদে প্রার্থী হতে ওই পদ থেকে ইস্তফাও দেন তিনি।
জাহাঙ্গীর নির্বাচন থেকে ‘সরে’ দাঁড়ালেও প্রার্থিতা প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় তার নাম ব্যালট পেপারে থাকবে।
নির্বাচনে মেয়র পদে আজমত উল্লাহ ছাড়াও প্রার্থী রয়েছেন বিএনপি সমর্থিত এম এ মান্নানসহ পাঁচজন।
