এজেন্ডা ঠিক করে আলোচনা ডাকুন, আসবো: মওদুদ
নির্দলীয় সরকার পদ্ধতি সূচিতে রেখে সরকার আলোচনায় ডাকলে তাতে বিরোধী দল সাড়া দেবে বলে জানিয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
শনিবার নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে দলের এক মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য একথা বলেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ায় এখন আওয়ামী লীগের অধীনে আগামী নির্বাচন হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিরোধী দল।
দুই দলের বিপরীত অবস্থানের কারণে দেশে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকে সংলাপের কথা বলে আসছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।
মওদুদ বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট এজেন্ডা স্থির করে আলোচনার জন্য সরকারের আমন্ত্রণ পেলে আমরা স্বাগ্রহে তাতে অংশগ্রহণ করবো। কিন্তু এ বিষয়ে সরকার অনমনীয় থাকলে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে।”
সিটি নির্বাচনে জনগণ বিরোধী দল সমর্থিত প্রার্থীদের জয়ী করে কার্যত নির্দলীয় সরকারের পক্ষে রায় দিয়েছে বলে দাবি করেন তিনি।
মওদুদ বলেন, “চার সিটি নির্বাচনে যদি সরকারের বা নির্বাচন কমিশনারের কোনো সমর্থন না থাকতো, তাহলে সরকার সমর্থিত সকল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হত।”
