২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়কের’ দাবিতে নতুন জোট করছে বিকল্পধারা

নির্দলীয় সরকারের দাবিতে পৃথক জোট নিয়ে ১৮ দলের সঙ্গে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

শুক্রবার বিকালে মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, দেশে নির্বাচন হবে এবং তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।”

এ জন্য রোজার মধ্যেই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই সাবেক রাষ্ট্রপতি।

জিয়াউর রহমানের উপ-প্রধানমন্ত্রী বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের নভেম্বরে বিএনপি সরকারের রাষ্ট্রপতির দায়িত্ব পান। অবশ্য ২০০২ সালের ২১ জুন তিনি নিজের দলের সরকারের চাপের মুখে পদত্যাগ করতে ‘বাধ্য’ হন। পরে দল থেকে পদত্যাগ করে বিকল্পধারা বাংলাদেশ গঠন করেন।

বি চৌধুরী বলেন, “সব বিরোধী দলকে আসন্ন রমজানের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে আন্দোলন শুরু করতে হবে।”

গত জুন ১৬ প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে সংসদে বলেছিলেন, “আর কোনো অসাংবিধানিক কাউকে আনার চেষ্টা করবেন না। তাতে কারো লাভ হবে না, নির্বাচনই হবে না।”

ওই বক্তব্যের মাধ্যমে ‘নির্বাচন না দেয়ার কথা’ শেখ হাসিনা বলেছেন বলে বিএনপি নেতাদের দাবি। অবশ্য নিজের ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বুধবার প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক এলে তারা আর নির্বাচন দেবে না এমনটি তিনি বলেছেন। তার বক্তব্য বিকৃত করে বলা হচ্ছে।

অধ্যাপক বি চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেয়ার পর দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা-অশান্তি-বিশৃঙ্খলা থাকবে না। সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে।’’

বিকল্প যুবধারার সদস্যদের পরিচিতি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান বলেন, “ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে সব বিরোধী দলকে গোল টেবিলে বসে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আন্দোলন শুরু করতে হবে। সরকার যা-ই বলুক, নির্দলীয় ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না।’’

যুব বিকল্পধারার ওবায়দুর রহমান মৃধা‘র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিকল্পধারা’র মহাসচিব আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল আমিন ব্যাপারী, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, জাতীয়তাবাদী যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।