গণসংযোগে জমে উঠছে গাজীপুরের নির্বাচন
প্রতিদিন সকাল-বিকাল প্রার্থীদের গণসংযোগের মধ্যদিয়ে জমে উঠছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।
শুক্রবার ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে গাজীপুর সদর উপজেলার পূবাইলের হায়দরাবাদ, টঙ্গীর মিলগেইট, মন্নু টেক্সটাইল মিল, বোর্ড বাজার, বাসনের চাঁনপাড়া, চান্দনা-চৌরাস্তা, জয়দেবপুর বাজার এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পর পর তিনবার টঙ্গী পৌরসভার মেয়রের দায়িত্ব পালনকালে যে অভিজ্ঞতা তার হয়েছে, তাকে কাজে লাগিয়েই আগামী দিনে গাজীপুরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান।
“আমি পরাজিত হলেও যিনি নির্বাচিত হবেন, তাকে সার্বিক সহযোগিতা করব,” যোগ করেন আওয়ামী লীগের এ নেতা।
এ সময় তার সঙ্গে গাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, হাজী আদম আলী, গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আতাউল্লাহ মণ্ডল, সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দিন, রফিজ উদ্দিন রফিজ, জামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সেলিম আজাদ, জুয়েল মণ্ডল, কাসেম মাতাব্বর প্রমুখ।
এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহেন শাহ আলমসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
এম এ মান্নান পরে সাংবাদিকদের বলেন, ১৯৯১ সালে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে যেসব উন্নয়ন কাজ করেছিলেন তারই ধারাবাহিকতায় গাজীপুরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চান।
এছাড়া মেয়র পদপ্রার্থী নাজিম উদ্দিন, রীনা সুলতানাও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের গণসংযোগ
বাদ জুমা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা আজমত উল্লা খানের পক্ষে গণসংযোগ করেছেন। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বিভিন্ন দলে ভাগ হয়ে তারা ওয়ার্ডে-ওয়ার্ডে গণসংযোগ করেন।
সিদ্দিকী নাজমুল আলম জানান, ৫৭টি ওয়ার্ডে ৫৭টি ওয়ার্ড কমিটি ছাড়াও প্রতি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে একটি করে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড ও কেন্দ্র কমিটিতে স্থানীয় ছাত্রলীগের নেতারাও সম্পৃক্ত করা হয়েছে। প্রতিটি কেন্দ্র কমিটি পর্যবেক্ষণে থাকবেন একজন করে কেন্দ্রীয় নেতা।
