ইসির ‘যন্ত্রণায়’ এরশাদ
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী কাজী মাহমুদুল হাসানের বাড়িতে ঘুরে গেছেন এইচ এম এরশাদ।
সাবেক রাষ্ট্রপতির প্রটোকল পাওয়া এরশাদের এই সফর নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন বলে অভিযোগ উঠলেও মাহমুদুলের দাবি, তার বাড়িতে ‘দাওয়াতে’ এসেছিলেন দলীয় চেয়ারম্যান, কোনো সভা হয়নি।
তিনি জানান, আচরণ বিধি লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটে কি না, তা দেখতে নির্বাচন কমিশনের দুই কর্মকর্তা সারাক্ষণ সেখানে ছিলেন।
মঙ্গলবার দুপুরে মাহমুদুলের বাড়িতে যান এরশাদ। তার সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলু, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারও ছিলেন।
নির্বাচনের আগে এরশাদের সফরের এই খবর পেয়ে সাংবাদিকরা গেলেও কাউকে ঢুকতে দেয়া হয়নি মাহমুদুলের বাড়িতে।
ওই বাড়িতে থাকা জাতীয় পার্টির কয়েকজন নেতা বলেন, সেখানে কর্মী সভা হয়েছে। দলের প্রার্থীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এরশাদ।
এরশাদ চলে যাওয়ার পর মাহমুদুল সাংবাদিকদের বলেন, “আমার বাসায় কোনো কর্মী সমাবেশ হয়নি। তিনি (এরশাদ) আমার দাওয়াতে এসেছিলেন। নির্বাচনে প্রার্থী হওয়ায় আমাকে তিনি দোয়া করে গেছেন।”
বিধি ভঙ্গের অভিযোগ নাকচ করে তিনি বলেন, “এইচএম এরশাদ সাবেক রাষ্ট্রপতি হিসেবে পুলিশের স্কট ছাড়া এখন আর তেমন কিছুই পান না। তার হুকুমে এখন দেশ চলে না। তবে আমার বাসায় আসতে তার বাধা কোথায়?
“তারপরও নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘিত হওয়ার কথা বলে আমাদের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন ঘটিয়েছেন।”
জাপা সমর্থিত প্রার্থী পাল্টা অভিযোগ করেন, “আওয়ামী লীগের প্রার্থীরা বড় বড় পোস্টার ও ব্যানার নিয়ে সমাবেশ করলেও নির্বাচন কমিশন তাদের কিছু বলে না।”
তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, “আচরণবিধি লঙ্ঘন করেই জাপা মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান তার বাসায় রাজনৈতিক কর্মীদের সঙ্গে মিলিত হয়েছেন। সেখানে এরশাদ সাহেবও যোগ দেন।”
এই বিষয়ে জাপা সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
