২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গায়েবানা জানাজায় বি চৌধুরী-কাদের সিদ্দিকী

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের উদ্যোগে হেফাজতে ইসলামের নিহত কর্মীদের গায়েবানা জানাজায় বিকল্প ধারা সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীও অংশ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

‘হত্যাকাণ্ডের’ প্রতিবাদে ১৮ দলের ডাকে দুদিনের হরতালের আগের দিন মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে এই জানাজা হয়। বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

গত রোববার ঢাকা অবরোধের পর হেফাজতের কর্মীরা মতিঝিলে অবস্থান নিলে রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের তুলে দেয়া হয়।

নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে খালেদা জিয়ার ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেয়ার পরদিন হেফাজতের মতিঝিলে টানা অবস্থানের চেষ্টা সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ বলে মন্ত্রীরা দাবি করেছেন।

জানাজার আগে বক্তব্যে বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, “হেফাজতের নেতা-কর্মীরা সরকার উৎখাত কিংবা কোনো দলকে সমর্থন জানানোর জন্য ঢাকায় আসেননি। অথচ সরকার রাতের আঁধারে আলো নিভিয়ে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে।”

ওই অভিযানে সহস্রাধিক নিহত হয়েছে এবং লাশ গুম করা হয়েছে বলে দাবি করে আসছে বিএনপি; অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দাবি, লাশের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে বিএনপি। ‘গুম’ হওয়া ব্যক্তিদের তালিকা দিতেও বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করে নিহতের সংখ্যা নিরূপণ করবে বলে প্রতিশ্রুতি দেন সাদেক হোসেন।

জানাজায় বিএনপি নেতাদের মধ্যে অংশ নেন জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, শাহজাহান ওমর, আবদুল মান্নান, হায়দার আলী, বরকতউল্লাহ বুলু, ফজলুল হক মিলন, আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া প্রমুখ।

জামায়াতে ইসলামীর ইজ্জত আলী, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম মাসুদ, জাগপার শফিউল আলম প্রধান, এনপিপির শেখ শওকত হোসেন নিলু, ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, ইসলামিক পার্টির আবদুল মবিন, এনডিপির আলমগীর মজুমদার, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, মুসলিম লীগের আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর শেখ আনোয়ারুল হকও জানাজায় অংশ নেন।

জানাজার ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক।

বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে এই জানাজা শেষ হওয়ার পরপরই একটি মাইক্রোবাসে আগুন লাগলে মানুষজন একদিক ওদিক ছুটাছুটি শুরু করে।

জানাজার আগে বক্তব্যে বি চৌধুরী বায়তুল মোকাররমের সামনের দোকানে আগুনে কুরআন শরিফ পোড়ানোয় হেফাজতকর্মীরা দায়ী নয় বলে দাবি করেন।

রোববারের ঘটনার জন্য একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের দাবিও জানান তিনি।

হেফাজতের ঢাকা অবরোধে সংহতি জানানো কাদের সিদ্দিকী বলেন, “সরকারে যারা থাকেন, তারা মানবীয় নয়, দানবীয় হয়ে গেছেন। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে যারা সরকারে আসবেন, তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবেন।”

“হেফাজতের আত্মত্যাগ ব্যর্থ হবে না”- এই মন্তব্য করে সাদেক হোসেন খোকা বলেন, তারা ক্ষমতায় গেলে বিচার বিভাগীয় তদন্ত করবেন।

“কেবল তাই নয়, একদিন হেফাজতে ইসলামের ভাইদের ঢাকায় ডেকে এনে তাদের দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে হাসিমুখে বিদায় দেবো আমরা।”

১৩ দফা নিয়ে আন্দোলনরত হেফাজতের দাবির মধ্যে রয়েছে- ‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসি, নারী উন্নয়ন নীতিমালা বাতিল, নারী-পুরুষ অবাধ বিচরণ বন্ধ ইত্যাদি।

সাদেক হোসেন এসব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপির স্থায়ী কমিটির এক বিবৃতিতে মঙ্গলবারই বলা হয়েছে, হেফাজতের অনেক দাবির সঙ্গে তাদের ভিন্নমত রয়েছে।