২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক সন্ধ্যায়

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম সভাপতিমণ্ডলীর বৈঠক গণভবনে বসছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 07:18 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় সভাপতিমণ্ডলীর এই বৈঠক শুরু হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম থেকে কোনো ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার পৃথক ভাবে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করেন।

নির্বাচন কমিশন মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল দিয়েছে, সে অনুযায়ী সংসদে ভোট হবে আগামী ২৯ এপ্রিল।

আগ্রহী প্রার্থীরা ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন মনোনয়নপত্র বাছাইয়ের পর ২৪ এপ্রিল পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে।