২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধে’

সরকার জনগণের ওপর অব্যাহতভাবে দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

আটক শীর্ষ নেতাদের দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছে তারা।

মঙ্গলবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান বিরোধী দলের শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, “মন্ত্রী ও ক্ষমতাসীনদের নির্দেশে পুলিশ-র‌্যাব-বিজিবি এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জনগণের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার কর্মসূচি অব্যাহত রেখেছে।

“প্রতিদিন লাশের মিছিলে শহীদের সংখ্যা বাড়ছে। সরকার দেশটাকে ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত করে প্রকারান্তরে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।”

আগামী এক মাসের মধ্যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে অর্থমন্ত্রী মঙ্গলবার যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গেও কথা বলেন এই বিএনপি নেতা।

“আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আটক নেতাদের মুক্তি প্রদান ও নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের বিষয়টি যদি মাথায় রেখে তিনি এরকম মন্তব্য করে থাকেন, তাহলে আমরাও বিশ্বাস করি- দেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।”

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিনে সারা দেশের পরিস্থিতি তুলে ধরে এই সংবাদ ব্রিফিং হয়।

ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু জানান, প্রথম দিনের হরতালে রাজধানীসহ সারা দেশে  ২০৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন তিন শতাধিক নেতা-কর্মী এবং আটশ’ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সারা দেশে জনগণ সর্বাত্মক হরতাল পালন করছে দাবি করেন তিনি।

দলের শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তারের পর দলীয় কার্যালয়ে প্রথম ব্রিফিংয়ে শামসুজ্জামান দুদু বলেন,  “আমি যেখানে বসে ব্রিফিং করছি সেখানে গতকাল আমার সহকর্মী সাবেক প্রতিমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বসে কথা বলেছেন। এর আগে এখানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ব্রিফিং করেছিলেন। আজ তারা সবাই কারাগারে।’’

বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করে জরুরি অবস্থা জারির পাঁয়তারা করছে বলে সরকারের পক্ষ যে অভিযোগ করা হয়েছে তার জবাবে সাবেক সাংসদ শামসুজ্জামান দুদু  বলেন,  “সরকার যে ভাষায় কথা বলছে তা পরিবর্তন হলে দেশের জন্য মঙ্গল ও ভালো হবে। জরুরি অবস্থা সরকারই জারি করে, বিরোধী দল করে না।”

সরকার স্বেচ্ছাচারিতা করছে অভিযোগ করে সে পথ থেকে সরে আসার আহ্বানও জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু উপস্থিত ছিলেন।