২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের হরতালে বিএনপির সমর্থন নেই

হেফাজতে ইসলামের আন্দোলন কর্মসূচিতে বিএনপির ‘নৈতিক’ সমর্থন থাকলেও সোমবারের হরতালে সমর্থন দেয়নি তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার বিকালে সংবাদ ব্রিফিংয়ে হেফাজতে ইসলামের হরতালের সমর্থন সম্পর্কে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ বলেন, “হেফাজত ইসলামের দাবির প্রতি বিএনপি ও ১৮ দল নৈতিক সমর্থন জানিয়েছে। তবে তাদের ডাকা হরতালের ব্যাপারে আমরা এখনো সমর্থন ব্যক্ত করিনি।”

“এটা হেফাজতে ইসলামের হরতাল, তারা ডেকেছে”, যোগ করেন তিনি।

অবশ্য আটক নেতাদের মুক্তিসহ কয়েকটি দাবিতে হেফাজতের হরতালের পরদিন মঙ্গলবার থেকে সারাদেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

নাস্তিক ব্লগারদের গ্রেপ্তারসহ ১৩ দফা দাবিতে লংমার্চ করে শনিবার মতিঝিলে সমাবেশ করে হেফাজত ইসলাম। সেই সমাবেশ থেকে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল এবং ৫ মে ঢাকা অবরোধের কর্মসূচি দেয়া হয়।

হেফাজতের এই সমাবেশে সংহতি জানিয়ে একটি প্রতিনিধি দল পাঠান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সহ-সভাপতি ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাও এ প্রতিনিধি দলে ছিলেন।

এর আগে লংমার্চের এই কর্মসূচিতে ‘নৈতিক’ সমর্থন জানায় বিএনপি।

পুরনো খবর:

সোমবার হেফাজতের হরতাল