সোমবার হেফাজতের হরতাল
লংমার্চে ‘বাধা’ দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।
শনিবার রাজধানীর মতিঝিলে সমাবেশ করে হরতালের এই ঘোষণা দেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবু নগরী।
এছাড়া ১১ এপ্রিল সিলেট, ১২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া, ১৩ এপ্রিল ময়মনসিংহ, ১৮ এপ্রিল বরিশাল, ১৯ এপ্রিল ফরিদপুর, ২০ এপ্রিল খুলনা, ২৬ এপ্রিল চট্টগ্রাম, ২৯ এপ্রিল রাজশাহী ও ৩০ এপ্রিল বগুড়ায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
দাবি পূরণ না হলে ৫ মে ঢাকা অবরোধ করা হবে বলে ঘোষণা দেন হেফাজতের আমির শাহ আহমেদ শফীর ছেলে আনাস আহমদ মাদানী।
কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দেয়ার পাশাপাশি নারী ও শিক্ষানীতি বাতিল, নারী-পুরুষের প্রকাশ্যে বিচরণ এবং ভাস্কর্য স্থাপন বন্ধের দাবিও রয়েছে হেফাজতের এই ১৩ দফার মধ্যে।
এসব দাবিতে লংমার্চ করে ঢাকায় এসে শনিবার সকাল ১০টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে এই সমাবেশ করে হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্টতার অভিযোগ রয়েছে।
হেফাজত নেতাদের অভিযোগ, সরকারের ইংগিতে পরিবহন মালিকরা বাস না দেয়ায় তাদের অনেক কর্মীই সমাবেশে অংশ নিতে পারেননি।
মিছিলি নিয়ে মতিঝিলের পথে হেফাজতে ইসলামের কর্মীরা। ছবিটি বিজয় সরণী থেকে তোলা।
এছাড়া নাস্তিকতার অভিযোগে শাহরিয়ার কবির, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও ইমরান এইচ সরকারসহ আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তারের দাবি জানান তারা।
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক বলেন, “আমরা শেখ হাসিনাকে বলছি, নাস্তিক মেনন, ইনু ও একে খন্দকারকে নৌকা থেকে নামিয়ে দেন। না হলে আপনার নৌকা পানিতে তলিয়ে যাবে।”
রাজনৈতিক বক্তব্য না দেয়াসহ ১২টি শর্তে পুলিশের কাছ থেকে এই সমাবেশের অনুমতি পায় হেফাজত। সমাবেশ মঞ্চ থেকেও বার বার বলা হয়, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়। কিন্তু শাপলা চত্বরের জমায়েত থেকে সারাদিনই বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেয়া হয়। মঞ্চে উঠে বক্তব্য দেন ১৮ দলীয় জোটের একাধিক নেতা।
হেফাজতের এই সমাবেশে সংহতি জানিয়ে একটি প্রতিনিধি দল পাঠান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সহ-সভাপতি ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাও এ প্রতিনিধি দলে ছিলেন।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষে মহাসচিব রুহুল আমীন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদসহ বেশ কয়েকজন নেতাও সমাবেশ মঞ্চে উঠে সংহতি জানান।
এনটিভি, বাংলাভিশন, দিগন্ত টেলিভিশন ও একুশে টিভিসহ কয়েকটি বেসরকারি চ্যানেল এই সমাবেশ সরাসরি সম্প্রচার করে।
সমাবেশ চলাকালে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীরা হেফাজত কর্মীদের হামলার শিকার হন। এদের মধ্যে এক নারী সাংবাদিকও রয়েছেন।
নারীদের কোনো অংশগ্রহণও এই সমাবেশে ছিল না।
এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদের দিকে বোতল ছুড়ে মারেন হেফাজত কর্মীরা।
নির্মূল কমিটির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
শাপলা চত্বরে হেফাজতের নেতারা বসেন প্রায় ৩০ বর্গফুট একটি মঞ্চে। সেখানে শামিয়ানা ছাড়াও ১০টি ফ্যান দেখা যায়।
হেফাজতে ইসলাম আমীর ও মহাসমাবেশের প্রধান অতিথি আল্লামা শাহ আহমেদ শফী বেলা ৩টার দিকে মঞ্চে উপস্থিত হন। তিনি নিজে সমাবেশে কথা না বললেও তার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার ছেলে আনাস মাদানী।
লিখিত বক্তব্যে বলা হয়, “আমাদের দাবি কোনো রাজনৈতিক দাবি নয়। কাউকে ক্ষমতা থেকে সরাতে বা বসাতেও আমরা এসব দাবি করিনি। কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই থাকতে হবে।”
এর আগে হেফাজত নেতা জুবায়ের আহমেদ সমাবেশে বলেন, “এই সরকার শুরু থেকেই মুসলমানদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে মুক্ত করে নিয়ে আসা হবে।”
আহমেদ সাইফুল্লাহ বলেন, “নাস্তিকদের পক্ষ নিয়ে যারা সংসদে বক্তব্য রেখেছেন তাদের ক্ষমা চাইতে হবে।”
হেফাজতের আরেক নেতা নুরুল ইসলাম ওলিপুরি বলেন, “নাস্তিকদের যতদিন পর্যন্ত ফাঁসিকাষ্ঠে ঝোলানো না হবে- ততোদিন আন্দোলন চলবে।”
১২টা ৫৫ মিনিটে মাওলানা সেলিম উল্লাহ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্লোগান দেন। এ সময় সমাবেশে উপস্থিতরা জুতা তুলে ধরেন।
এর কিছুক্ষণ পর সমাবেশ থেকে বলা হয়, “সবাইকে সম্মান করতে হবে। শেখ হাসিনা এখন আমাদের প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে যে স্লোগান দেয়া হয়েছে, তা স্বাধীনতাবিরোধী স্লোগান। এ স্লোগান আমরা প্রত্যাহার করছি।”
এ সময় তারা রমনা উদ্যানের পাশের লোহার বেষ্টনি ভেঙে ফেলে এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে।
এক পর্যায়ে গণজাগরণ কর্মীদের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনার সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় হেফাজত কর্মীরা।
সমাবেশ চলাকালে ইত্তেফাক মোড় থেকে মৎস্যভবন পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। হেফাজতকর্মীরা চলে যাওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাপলা চত্বর এলাকায় আবার যান চলাচল শুরু হয়।
মতিঝিলে দায়িত্ব পালনকারী গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, সমাবেশ হেফাজতের নামে হলেও জামায়াত-শিবির কর্মীরা মিছিল নিয়ে তাতে যোগ দেয় বলে তাদের কাছে তথ্য রয়েছে।
হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্য ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল করে সারা দেশে। একই সময় থেকে ২২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
