চট্টগ্রামে অবস্থান ছাড়ল হেফাজতকর্মীরা
২৪ ঘণ্টার বেশি সময় পর চট্টগ্রামের ওয়াসা মোড়ের অবস্থান কর্মসূচি ছেড়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।
লংমার্চে রওনা হওয়ার উদ্দেশে শুক্রবার জুমার নামাজের সময় সেখানে জমিয়াতুল ফালাহ মসজিদের পাশে জড়ো হয়েছিলেন তারা।
কিন্তু নামাজ শেষে বাস না পেয়ে তারা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং তা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
তবে শনিবার বিকালে ঢাকায় মতিঝিলে হেফাজতের সমাবেশ শেষ হওয়ার পর সন্ধ্যায় মাগরিবের নামাজের আগে ওয়াসার মোড় ছেড়ে যান হেফাজতকর্মীরা।
ঢাকার সমাবেশ শেষ হওয়ার পর হেফাজত নেতা মাওলানা জসীম উদ্দিন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীকে উদ্ধৃত করে মাইকে ঘোষণা দেন, মাগরিবের নামাজের আগে এলাকা ছেড়ে দিতে নির্দেশ এসেছে।
এর পরপরই উপস্থিত কর্মীরা সমাবেশস্থল ছেড়ে চলে যেতে শুরু করেন।
লংমার্চ করে ঢাকার পথে রওনা হওয়ার জন্য ব্লগারদের বিরুদ্ধে স্লোগান লেখা পট্টি মাথায় বেঁধে, গজারি লাঠি হাতে শুক্রবার সকালে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জড়ো হয়েছিলেন হেফাজতকর্মীরা।
সেখান থেকে ঢাকা যেতে না পেরে ওয়াসার মোড় এলাকায় অবস্থান নেন এবং জুমার নামাজের পর সেখানে সমাবেশ শুরু করেন। এসময় তারা ওয়াসার মোড়কে ‘ইসলামিক চত্বর’ ঘোষণা করেন।
শুক্রবার সারা রাত অবস্থান নেয়ার পর শনিবার সকাল থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে থাকে হেফাজতকর্মীরা। সেখানে অস্থায়ী মঞ্চ বানিয়ে বিকাল পর্যন্ত সমাবেশ করেন তারা।
