চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি হেফাজতের
ঢাকামুখী লংমার্চের জন্য বাস না পেলে চট্টগ্রামকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন হেফাজত কর্মীরা। ওয়াসা মোড়কে তারা ঘোষণা করেছেন ‘ইসলামিক চত্বর’ হিসাবে।
সমাবেশ থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরও সমাবেশে দেখা গেছে।
হেফাজতের এই সমাবেশের কারণে বিমানবন্দর সড়কের ওযাসার মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সমাবেশ থেকে দায়িত্বরত পুলিশের দিকে বোতল ও ডাবের খোল ছুড়ে মারারও ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন।
এছাড়া একাত্তর টেলিভিশনের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা এবং প্রতিবেদক ও ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে হেফাজতকর্মীদের বিরুদ্ধে।
জুমার নামাজের পর এখান থেকেই লংমার্চ নিয়ে ঢাকার পথে রওনা হওয়ার ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম। ঢাকায় পৌঁছে শনিবার মতিঝিলের সমাবেশে যোগ দেবে সংগঠনটির কর্মীরা।
কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।
এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।
হেফজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাইনুদ্দীন রুহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ৪/৫ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করার কথা ছিল। কিন্তু সরকারের বাধায় গাড়ি পাওয়া যাচ্ছে না।”
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সমাবেশে বলেন, হেফাজত কর্মীদের লংমার্চের জন্য গাড়ি দেয়া না হলে সারাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলা হবে।
তার এ ঘোষণার পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমাবেশ থেকে ওয়াসা মোড়কে ইসলামী চত্বর ঘোষণা করে বলা হয়, লংমার্চ করতে দেয়া না হলে হেফাজত কর্মীরা সেখানেই অবস্থান করে আন্দোলন চালিয়ে যাবেন।
সমাবেশ থেকে স্লোগান দেয়া হয়- তোমার আমার ঠিকানা/মক্কা, মদিনা; তুমি কে আমি কে/মুসলমান মুসলমান।
শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোক্তাদের ‘নাস্তিক’ আখ্যায়িত করেও বিভিন্ন স্লোগান দেয় হেফাজতকর্মীরা।
মাশরুর ওই এলাকা ত্যাগ করার পরপরই ওয়াসার মোড়ে দয়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে বোতল ও ডাবের খোল ছোড়া হয়।
এতে এক পুলিশ সদস্য আঘাত পান বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান।
তিনি বলেন, “সমাবেশ থেকে উস্কানি দেয়া হয়েছে। তবে বিশৃঙ্খলা রোধে আমরা সতর্ক রয়েছি।”
সকাল থেকেই ওয়াসার মোড়, লালখানবাজারসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া হাটহাজারী ও সীতাকুণ্ড এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ প্রশাসন জানায়।
ওয়াসার মোড়ে এই সমাবেশে চলার মধ্যেই ফটিকছড়ি, রামগড় ও ফেনী থেকে বেশ কয়েকটি বাসে করে হেফাজতকর্মীরা ঢাকার দিকে রওনা হয়েছে বলে জানা গেছে।
জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলছেন, কারো চাপে নয়, আতঙ্কের কারণে তারা গাড়ি বের করছেন না।
“দেখুন, হরতালে এমনিতেই গাড়ি বন্ধ থাকে। আজ সন্ধ্যা থেকে হরতাল ডাকা হয়েছে। এই অবস্থায় গাড়ি বের করা খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণেই আমরা তাদের বাস দিতে পারিনি। এটা কোনো দল বা কারো চাপের কারণে নয়।”
এদিকে গাড়ি না পাওয়ার অভিযোগ করলেও বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি বাস হেফাজতকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লংমার্চে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের কর্মীরা গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
তিনি দাবি করেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে আড়াইশ'র বেশি গাড়ি চট্টগ্রাম ছেড়েছে। আর শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর জমিয়তুল ফালাহ মসজিদসংলগ্ন এলাকা থেকে ৫৮টি গাড়ির একটি বহর রওনা হয়েছে।
এছাড়া জেলার ফটিকছড়ি উপজেলা থেকে ৩৭টি গাড়ি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান তিনি।
শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালে হেফাজতের এই নেতা দাবি করেন, কক্সবাজারের চকরিয়ায় ১১টি গাড়ি পুলিশ আটকে দিয়েছে।
তিনি জানান, ঢাকায় যাওয়ার জন্য চট্টগ্রাম মহানগর থেকে ১৮৪টি বাস ভাড়া করা হলেও মালিকরা ভাড়ার টাকা ফিরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে ৮০টি এবং শুক্রবার সকালে মালিকরা বাকি বাসের ভাড়া ফিরিয়ে দেয় বলে দাবি করেন তিনি।
অবস্থান কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “আমাদের গাড়ির ব্যবস্থা করে দিলেই আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে লংমার্চে চলে যাব। আমাদের বড় হুজুর যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কর্মসূচি পালন করব।”
