চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হেফাজত কর্মীদের হামলা
চট্টগ্রামের ওয়াসা মোড়ে সমাবেশের মধ্যে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে হেফজতে ইসলামীর কর্মীরা।
জুমার পর ওয়াসা মোড় থেকেই লং মার্চ নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল হেফাজত কর্মীদের। তাদের একটি অংশ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বাসে চেপে রওনা হলেও কয়েক হাজার কর্মী দুপুরে নামাজ শেষে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন।
সরকারের বাধায় লংমার্চের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস পাওয়া যাচ্ছে না অভিযোগ করে চট্টগ্রামকে সারা দেশ কে বিচ্ছিন্ন করে ফেলারও হুমকি দেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের খবর সংগ্রহের দায়িত্বে থাকা বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের দুই সাংবাদিককে লাঞ্ছিত করে হেফাজত কর্মীরা।
তারা একাত্তর টিভির চট্টগাম ব্যুরোর প্রধান মাঈনুদ্দিন দুলাল ও ক্যামেরাম্যান রাজীব বড়ুয়াকে লাঞ্ছিত করে এবং ক্যামেরা ভাঙার চেষ্টা চালায়।
ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া একাত্তর টিভির প্রতিবেদক মহিম মিজান ও ক্যামেরাম্যান তানভীরও হেফাজত কর্মীদের হামলার মুখে পড়েন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
মাঈনুদ্দিন দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। তারা আমাদের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।”
সমাবেশ থেকে দায়িত্বরত পুলিশের দিকে বোতল ও ডাবের খোল ছুড়ে মারারও ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন।
