রূপগঞ্জে হেফাজত-যুবলীগ সংঘর্ষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুব ও শ্রমিক লীগের নেতাকর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, ঢাকায় হেফাজতে ইসলামী বাংলাদেশের লংমার্চ ও সমাবেশে যোগদানের উদ্দেশ্যে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও মাধবদী থেকে আসা মিছিলের সঙ্গে যুবলীগ-শ্রমিক লীগের নেতাকর্মীদের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টাধাওয়ার এই ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন জানান, হেফাজতে ইসলামীর মুসল্লিরা ফুটপাতের লোকদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করলে এই ঘটনা ঘটে।
সেখানে যুবলীগ-শ্রমিক লীগের কেউ ছিলেন না বলেও তিনি দাবি করেন।
