’৭২ এর সংবিধান বাস্তবায়নের দাবি
মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন হয়েছিল তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রোববার বিকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবি ও বাসদ আয়েজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা সংবিধানের চার মূলনীতির পরিপূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রারম্ভিক আলোচনায় সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো বলেন, “মুক্তিযুদ্ধ কেবল একটি আলাদা মানচিত্র বা পতাকার জন্য সংগঠিত হয়নি। এর মূল লক্ষ্য ছিল কিছু সুনির্দিষ্ট চেতনা। ’৭২-এর সংবিধানের চার মূলনীতির মধ্য দিয়ে এটি বিধৃত হয়েছিল।
“স্বাধীনতার পর সংবিধানের অব্যাহত কাঁটা ছেঁড়ার মধ্য দিয়ে শাসকশ্রেণি মুক্তিযুদ্ধের এ চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। তৈরি করেছে একটি দেশদ্রোহী ধর্মান্ধ গোষ্ঠী ও লুটেরা ধনিকশ্রেণি। আজ তাই দেশপ্রেমিকদের জাতীয় কর্তব্য হলো, গরিব-মেহনতি মানুষের মুক্তির জন্য সমাজতন্ত্র কায়েমের লক্ষ্যে মুক্তিযুদ্ধের সেই চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করা।”
উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণে সাম্প্রদায়িক শক্তি আজ ভীত-সন্ত্রস্ত হয়ে নাশকতার পথ বেছে নিয়েছে। সারাদেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা আজ জরুরি কর্তব্য।”
যুক্তরাষ্ট্রও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার মূর্ত বিষয় হলো অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক বাংলাদেশ। বিভিন্ন সময়ে প্রতিক্রিয়াশীল শাসকগোষ্ঠী ইতিহাস বিকৃতির মাধ্যমে সেই চেতনাকে নস্যাৎ করতে চেয়েছে।”
এসব চক্রান্ত সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান তিনি।
আলোচনায় সভাপতিত্ব করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।
