আগামী সপ্তাহে তিন দিন হরতাল, একদিন ছুটি
আগামী সপ্তাহে তিন দিনই থাকবে হরতাল, এর বাইরে একদিন সরকারি ছুটি থাকছে।
কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবিতে আগামী ১৮ ও ১৯ মার্চ হরতাল বহাল থাকছে বলে বুধবার জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
১৮ ও ১৯ মার্চের আগের দিন ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সরকারি ছুটি থাকছে।
এরপর দুদিন হরতাল শেষে একদিন বাদে ২১ মার্চ বৃহস্পতিবার আবার হরতাল ডেকেছে ঢাকা জেলা বিএনপি।
ঢাকার সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ আমানসহ নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এই কর্মসূচি।
ফলে আগামী সপ্তাহে ঢাকাবাসী স্বাভাবিক কর্মদিবস পাচ্ছে শুধু ২০ মার্চ বুধবার।
গত ১১ মার্চ দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে বিএনপির শীর্ষ নেতাদের আটকের পরপরই ১৮ দলীয় জোট ১৮ ও ১৯ মার্চ হরতালের ঘোষণা দেয়।
আটক নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরী পরদিনই মুক্তি পান।
এরপর ঢাকা জেলা বিএনপির বুধবার ২১ মার্চ হরতালের ঘোষণা দেয়।
তিন নেতার মুক্তির পর সাধারণ অনেক মানুষের মধ্যে ১৮ ও ১৯ মার্চের হরতাল থাকছে কি না, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়।
কিন্তু বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সমবেত কর্মীদের উদ্দেশে বক্তব্যে বিএনপি চেয়ারপারসন জানান, ১৮ ও ১৯ মার্চ দেশব্যাপী হরতাল থাকছে।
বৃহস্পতিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি দাবি করে তিনি বলেন, “নইলে ১৮ ও ১৯ মার্চ সারাদেশে সর্বাত্মক হরতাল হবে।
“সেইদিন দোকান-পাট খুলবে না। গাড়ি-ঘোড়া চলবে না।”
আটক নেতাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। সেই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়েছে পুলিশ, অন্যদিকে জামিনেও চাওয়া হয়েছে।
এসব আবেদনের শুনানির জন্য আগামী ২০ মার্চ দিন ঠিক করে দিয়েছে আদালত। দেড় শতাধিক নেতা এখন কারাগারে রয়েছেন।
আগামীতে হরতাল-অবরোধসহ আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়ে বিরোধী নেতা বলেন, “তখন আপনারা পালাবার পথ পাবেন না।”
এই মাসের শুরু থেকে জামায়াতে ইসলামী ও বিএনপির ডাকে কয়েকদিন হরতাল হয়।
হরতালে অর্থনৈতিক ক্ষতির চিত্র তুলে ধরে ব্যবসায়ী মহল এই কর্মসূচি বাদ দিতে রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বুধবারই জানান, গত আড়াই মাসে হরতাল ও রাজনৈতিক সংঘাতে ৯৭টি গাড়ি পোড়ানো এবং ৫৯৮টি গাড়ি ভাংচুরের কারণে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
হরতালের ডাক দিয়ে খালেদা জিয়া বলেন, “দেশবাসীর প্রতি আহবান থাকবে, হরতালে আপনাদের একটু কষ্ট করতে হবে। এই রক্তপিপাসু সরকারকে বিদায় করতে আপনার একটু কষ্ট করুন।”
