ঢাকায় ২১ মার্চ হরতালের ডাক বিএনপির
কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে ২১ মার্চ ঢাকা জেলায় হরতাল করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বুধবার নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান এই ঘোষণা দেন।
তিনি বলেন, “পুলিশ গত ১১ মার্চ মধ্যযুগীয় কায়দায় বিএনপির সমাবেশ ও কার্যালয়ে হামলা চালিয়েছে। জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জড়িয়েছে।
“আমরা সরকারকে বলতে চাই, আগামী ২০ মার্চের মধ্যে আমান উল্লাহসহ গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি না দিলে ২১ মার্চ ঢাকা জেলার সব উপজেলা, থানা ও পৌরসভায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”
দুই মামলায় আটক ১৮ দলীয় জোটের ১৫৪ নেতাকর্মীর জামিন ও পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে ২০ মার্চ।
তাদের মুক্তির দাবিতে গত সোমবারই ১৮ ও ১৯ মার্চ সারা দেশে হরতাল ডেকে রেখেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এছাড়া বৃহস্পতিবার ঢাকা জেলার সব থানায় বিক্ষোভ সমাবেশ এবং শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি রয়েছে।
গত সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে থাকে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।
এর ঘণ্টাখানেক পর বিএনপি কার্যালয় ও আশেপাশের এলাকা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। কার্যালয়ে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি হাতবোমা উদ্ধারের কথা জানায়।
মঙ্গলবার বিএনপির তিন নেতা মির্জা ফখরুল, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দিলেও ১৮ দলীয় জোটের ১৫৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করে পল্টন থানা পুলিশ। দুই মামলাতেই আরো ৪০-৫০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীকে আসামি করা হয়।
বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী ছাড়াও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাজাহান, ড্যাব মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এম জাহিদ হোসেন এবং বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে দুই মামলাতেই হুকুমের আসামি করা হয়।
তাদের ১৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে ২০ মার্চ শুনারি দিন রেখেছে।
নেতাকর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতি ও শনিবারের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আবদুল মান্নান।
অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহমেদ, জেলা নেতা অর্পণা রায়, নাজিম উদ্দিন মাস্টার, তমিজউদ্দিন আহমেদ ও সাভার পৌর মেয়র রেফায়েত উল্লাহ সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
