২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াতের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

সিলেট মহানগরীর আখালিয়া এলাকায় জামায়াত-শিবির কর্মীদের হামলায় ছাত্রলীগের এক সাবেক নেতা নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

শনিবার রাত পৌনে ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জগত জ্যোতি তালুকদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এহতেশামুল হক দুলাল জহত জ্যোতির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জালালাবাদ থানার ওসি গওসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে জগত জ্যোতি তালুকদার ও মহানগরীর সাবেক নেতা জুয়েল আহমাদ মটর সাইকেল যোগে নগরীর আখালিয়া বাজারের দিকে যাওয়ার সময় জামায়াত-শিবির কর্মীরা তাদের আটকে কুপিয়ে জখম করে। এ সময় তারা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে জ্যোতির মৃত্যু হয় বলে জানান ওসি।

এদিকে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী জানান, সন্ধ্যা ৭টায় মোটর সাইকেলযোগে ২৫-২৫ জন জামায়াত-শিবির কর্মী টিলাগড় এলাকায় সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশু দাস মিঠুর মালিকানাধীন রাজমহল সুইটস নামক প্রতিষ্ঠান ভাংচুর করে। এ সময় ওই এলাকায় আরো কয়েকটি দোকান ও ভাংচুর করে তারা।

পরে শিবগঞ্জের সাদীপুর এলাকায় জেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক গোলাম রহমান সাজনের উপর হামলা করে জামায়াত-শিবির কর্মীরা। তাকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া শিবগঞ্জ বাজারে ওয়ালটনের শো রুম ও একটি ডেকোরেটার প্রতিষ্ঠানে ভাংচুর করে পালিয়ে যায় জামায়াত শিবির কর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

দুপুরে নগরীর দরগা গেইট, আম্বরখানা ও শাহী ঈদগাহ এলাকায়ও তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির।

দুপুর পৌনে ৩টার দিকে দরগা গেইট থেকে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল থেকে এলাকার দোকানপাট ও যানবাহন ভাংচুর শুরু করে। এ সময় তারা বসুন্ধরা মটরের একটি শোরুমে আগুন দিলে সেখানে থাকা ছয়টি মোটর সাইকেল পুড়ে যায়।

তাণ্ডবের ওই সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিবিরকর্মীদের ইটের আঘাতে একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান এফ এ মুন্না ও বৈশাখী টেলিভিশনের ক্যামেরাম্যান শামীম আহমেদ আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

তবে হামলা চলাকালে পুলিশ থাকলেও জামায়াত-শিবির কর্মীদের তারা বাধা দেয়নি অভিযোগ পাওয়া গেছে।

প্রায় একই সময়ে নগরীর আম্বরখানা এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ব্যাংক/বীমা অফিস, দোকান এবং যানবাহন ভাংচুর করে। এসময় চার/পাঁচটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

তারা আম্বরখানা এলাকার পূবালী ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, জীবন বীমা কর্পোরেশনের শাখা অফিসসহ শতাধিক দোকান ভাংচুর করে এবং একটি জিপ গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।

শাহী ঈদগাহ এলাকায়ও তারা ২৫টির বেশি দোকান ও পূবালী ব্যাংকের শাখা অফিসে ভাংচুর করে।

মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল থেকে ভাংচুর, অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে গেছে। সে কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যায়নি।”

পুরনো খবর:

সিলেটে জামায়াত-শিবিরের তাণ্ডব