সিলেটে জামায়াত-শিবিরের তাণ্ডব
সিলেট নগরীতে শনিবার দুপুরে ভাংচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালিযেছে জামায়াত-শিবিরকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
নগরীর বিভিন্নস্থানে প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি মঞ্জুর আহমেদ।
হামলার স্থানগুলো হল দরগা গেইট, আম্বরখানা ও শাহী ঈদগাহ এলাকা।
দুপুর পৌনে তিনটার দিকে দরগা গেইট থেকে জামায়াত-শিবিরের একটি ঝটিকা মিছিল এলাকার দোকানপাট ও যানবাহন ভাংচুর শুরু করে।
এ সময় তারা বসুন্ধরা মটরের একটি শোরুমে আগুন দেয়। এতে শোরুমে থাকা ছয়টি মোটরসাইকেল পুড়ে যায়।
তারা রাস্তায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল ভাংচুর করে এবং চারটি মোটরসাইকেলে আগুন দেয়।
এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে মিছিল থেকে তাদের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ইটের আঘাতে একুশে টেলিভিশনের ক্যামেরাম্যান এফ এ মুন্না ও বৈশাখী টেলিভিশনের ক্যামেরাম্যান শামীম আহমেদ আহত হন।
প্রায় আধাঘণ্টা তাণ্ডব চালিয়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে তারা চলে যায়।
পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
হামলা চলাকালে পুলিশ থাকলেও জামায়াত-শিবির কর্মীদের তারা বাধা দেয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
প্রায় একই সময়ে নগরীর আম্বরখানা এলাকায় জামায়াত-শিবির কর্মীরা ব্যাংক/বীমা অফিস, দোকান এবং যানবাহন ভাংচুর করে।
এসময় চার/পাঁচটি হাতবোমা বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
তারা আম্বরখানা এলাকার পূবালী ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, জীবন বীমা কর্পোরেশনের শাখা অফিসসহ শতাধিক দোকান ভাংচুর করে এবং একটি জিপ গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
শাহী ঈদগাহ এলাকায়ও তারা ২৫টির বেশি দোকান ও পূবালী ব্যাংকের শাখা অফিসে ভাংচুর করে।
এ ব্যাপারে মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াত-শিবিরকর্মীরা ঝটিকা মিছিল থেকে ভাংচুর, অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে গেছে। পরে আমরা গিয়ে দেখেছি। এ কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া যায়নি।”
এ ঘটনায় মামলা করা হবে, বলেন তিনি।
