‘বিএনপির মদদে জামায়াত-শিবির তান্ডব চালাচ্ছে’
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ সমাবেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব রাজনৈতিক দলের নেতা, পেশাজীবি পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতি কর্মীরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিরোধের ডাক দেন।
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়ে গেছে। এটি বাস্তবায়ন করতে জাতিকে সংগ্রাম করতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে।
তিনি বলেন, “৪২ বছর আগের ঘটনার বিচার সহজ ছিল না। তবে আমরা চেষ্টা করে তা করেছি। এরই মধ্যে তিনজন রাজাকারের বিচারের রায় হয়েছে। তাদের দলকে [জামায়াতে ইসলামী] নিষিদ্ধ করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি জাতীয় ঐকমত্যেরও দরকার আছে।”
স্বাধীনতাবিরোধীদের সর্বসাম্প্রতিক সহিংসতার কথা তুলে ধরতে গিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা উল্লেখ করেন, বৃহস্পতিবার বিএনপির ‘মদদে’ জামায়াত-শিবির সারাদেশে মানুষের উপর তান্ডব চালিয়েছে। পুলিশ প্রশাসনের উপর নির্বিচারে জামায়াত হামলা করেছে,থানা আক্রমণ করে অস্ত্র লুট করেছে।
“পুলিশ তাদের প্রতিহত করতে চেয়েছে, অথচ মির্জা ফখরুল এটাকে গণহত্যা বলছেন।কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান কয়েক হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন, এটা ভুলে গেলে চলবে না।”
যুদ্ধাপরাধীদের ‘দোসর’ বিএনপি ও জামায়াতকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ডাক দেন তিনি।
হানিফ অারো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধর্মের নামে মিথ্যা কাহিনী রটিয়ে কেউ পার পাবে না। বাংলাদেশের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তাতে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না।’
জাতির প্রত্যাশা অনুযায়ী যুদ্ধাপরাধীদের দলের [জামায়াত] বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সমাবেশে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, “জামায়াত সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির সারাদেশে ৪০ জনের বেশি মানুষকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে। এটা দেশদ্রোহিতা।তাদের শাস্তি দিতেই হবে।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান জামায়াতকে প্রতিষ্ঠিত করেছে। বিএনপির বলে বলীয়ান হয়ে জামায়াত দেশব্যাপী তান্ডব চালাচ্ছে।
সন্ত্র্যাস দমন আইন প্রয়োগ করে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি জানান শাহরিয়ার কবির।
“মহাজোটের কাছে জামায়াত নিষিদ্ধের দাবি না, জামায়াত নিষিদ্ধের বাস্তবায়ন দেখতে চাই। যদি শাহরিয়ার কবির আর নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর রক্ত দেয়ার পর জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে চায় সরকার, তবে তাতেও রাজি আছি।”
এসময় সমাবেশস্থলের জনতা করতালি দিয়ে তাকে অভিনন্দিত করে।
সমাবেশে ‘শহীদ জায়া’ শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, “সন্ত্রাসী জামায়াত-শিবির দেশব্যাপী জ্বালাও-পোড়াও চালাচ্ছে। তাদের হামলায় পুলিশ নিহত হয়েছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে সবসময়ের মতই কাজ করছে। ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার সময় এসেছে।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, “সবাই সচেতন না হলে ধর্মের আড়ালে জামায়াত শিবির অপতৎপরতা চালাতে থাকবে। নতুন প্রজন্ম আমাদের পথ দেখিয়েছে। তাদের হাত ধরে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে যাব। শুধু পুলিশের ওপর নির্ভর না করে সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।”
জামায়াত-শিবিরের তাণ্ডব প্রসঙ্গে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, নতুন প্রজন্মকে বলতে চাই, গত কয়েক দিন ধরে জামায়াত যা করছে, একাত্তর সালে তার চেয়ে কয়েকগুণ বেশি অত্যাচার করেছে। আগামীতে তারা আরো নিষ্ঠুরতা চালাবে।
“কিন্তু তাদের ভয়ে বসে থাকলে চলবে না, প্রতিহত করতে হবে।সারাদেশে জনসভা ও কর্মীসভা করে মানুষের সামনে আবারো স্বাধীনতার কথা তুলে ধরতে হবে। এখন প্রতিটি পাড়ায় মহল্লায় দুর্গ, শক্তিশালী ব্রিগেড গড়ে তোলার সময় এসেছে।”
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হেলাল মোরশেদ বলেন, “দেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির উত্থানের কথা বলা হচ্ছে। তবে সবাই এক হয়ে তাদের প্রতিহত করতে হবে। শাহবাগের জাগরণ প্রমাণ করেছে মুক্তিযুদ্ধের চেতনা কখনোই বিলুপ্ত হবে না।”
যারা স্বাধীনতাবিরোধী তরুণ তাদের ধিক্কার জানান তিনি।
এছাড়াও একই দাবিতে জাতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু প্রমুখ।
