২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ‘এনার্জি’ নেই আবুল হোসেনের

পদ্মা সেতু কেলেঙ্কারিতে পদত্যাগী মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আগামীতে আর নির্বাচন না করার ইচ্ছার কথা জানিয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

নির্বাচন না করলেও আওয়ামী লীগের হয়ে দলীয় কাজে সক্রিয় থাকার কথা জানিয়েছেন তিনি, যার এবার দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান হয়নি।

বুধবার নিজের নির্বাচনী এলাকা কালকিনীতে আওয়ামী লীগের এক কর্মী সভায় আবুল হোসেন বলেন, “আমার বয়স ৬৪ বছর হয়েছে, চার বার এমপি নির্বাচিত হয়েছি। কাজেই আমার আর নির্বাচন করার এনার্জি নাই, আমি আগেই বলেছি, নির্বাচন করব না।”

বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংকের চাপে গত বছর পদত্যাগ করতে হয়ে আবুল হোসেনকে।

তবে সাবেক যোগাযোগমন্ত্রী কোনো দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা বরাবরই অস্বীকার করে আসছেন।

তিনি কালকিনীর সভায়ও বলেন, “পদ্মা সেতু নিয়ে পৃথিবীর যেখানে যত তদন্ত হোক, শুধু বাংলাদেশে নয় বিশ্বের সব জায়গায় তন্নতন্ন করে তদন্ত করলেও বিশ্ববাসী একদিন দেখবে, আবুল হোসেন একজন পরীক্ষিত লোক।”

মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর দুই মাস আগে আওয়ামী লীগের কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির পদও হারান আবুল হোসেন। তিনি আগে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

নির্বাচন না করলেও দলে থাকার ইচ্ছার কথা জানিয়ে তিনি কর্মীদের বলেন, “দলত্যাগী নেতা হিসেবে আমাকে কখনোই দেখবেন না। জাতীয় নির্বাচনে প্রার্থী না হলেও আওয়ামী লীগের সঙ্গেই থাকব।”

Image
সৈয়দ আবুল হোসেন

সৈয়দ আবুল হোসেন

কালকিনীর ওই আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপও মনোনয়নপ্রত্যাশী। তার সমর্থকদের সঙ্গে আবুল হোসেন সমর্থকদের সংঘর্ষও হয়েছে এর আগে।

মাদারীপুর সদর আসনে নৌমন্ত্রী শাজাহান খান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করে তাদের দুজনের একজনকে কালকিনীতে মনোনয়ন দিতে দলীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি।

গোলাপের বিষয়টি এড়িয়ে আবুল হোসেন বলেন, “তাদের একজনকে যদি কালকিনিতে শেখ হাসিনা মনোনয়ন দেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন দেব।”

তিনি আরো বলেন, “একটি স্বার্থান্বেষী মহল গোলাপের সঙ্গে আমার বিভেদ সৃষ্টি করছে। আমি তো আগেই বলেছি, আমি আগামীতে নির্বাচন করব না। তাই আমাকে নিয়ে কেউ বিভেদ সৃষ্টি করবেন না।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন আবুল হোসেন।

এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হাসান ইয়াদ, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক প্রমুখ।