‘নির্বাচন দলীয় সরকারের অধীনেই’
নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচনের বিষয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মত দেন। নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে এইদিনই সারাদেশে পথসভা-প্রচারপত্র বিলি করে ১৮ দলীয় জোট।
সাম্প্রতিক রাশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে বলেন, “সংসদীয় গণতন্ত্র যে সব দেশে বিদ্যমান আছে, সেখানে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই নির্বাচন হবে।”
তিনি বলেন, নির্বাচনের সময় নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকে।
নির্বাচনের বিষয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদ উত্থাপনের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
“এরপর বিরোধী দলের কিছু বলার থাকলে সংসদে এসে বলুক। বিরোধী দল সংসদে আসবে, কী আসবে না- এটা বিরোধী দলের বিষয়,” বলেন তিনি।
দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে বিরোধী দলের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না- এটা ভাবা তো ঠিক না।”
এই প্রসঙ্গে বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদীয় আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের নজির দেখিয়ে তিনি বলেন, “পাঁচ হাজার নির্বাচন হল, আপনারা তো নিউজই করতে পারলেন না। কারণ, কোথাও গোলযোগ হয়নি।”
আগামী নির্বাচনও সফল হবে, আশা প্রকাশ করেন তিনি।
দশম সংসদ নির্বাচন কবে হবে- জানতে চাইলে শেখ হাসিনা বলেন, নির্দিষ্ট সময়েই হবে। ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে হবে।
সেইসঙ্গে তিনি আরো বলেন, “ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র মোকাবেলা করে চলতে হবে- দেশের মানুষকে সজাগ থাকতে হবে।”
‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’
ছাত্রলীগের সাম্প্রতিক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সভাপতি বলেন, “আমার নির্দেশ, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো।”
তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে যে দায়ী করা হচ্ছে, তার পুরোপুরি দায় সংগঠনটির নয় বলেও মনে করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “যারা এগুলো করে, তারা ছাত্রলীগের নয়। এরা ছাত্রলীগে যোগ দেয়ার জন্য দরখাস্ত করেছে।”
তবে সন্ত্রাসের জন্য কাউকে ছাড় দেয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “যারা এগুলো করছে আমরা তাদের ছেড়ে দিচ্ছি না। তাদের নামে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।”
রাশিয়ার সঙ্গে সমরাস্ত্র কেনার চুক্তির ক্ষেত্রে ‘মস্কোপন্থীরা’ প্রভাব খাটিয়েছে- এই ধরনের বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, “আমার ক্যাবিনেটে চীনপন্থী, আমেরিকাপন্থী, রাশিয়াপন্থী- সব পন্থী আছে।”
‘রাজনীতিতে যোগ দেয়ার পথ বন্ধ হয়ে যায়নি’- নেপালের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “কে রাজনীতি করবে, কে করবে না- এটা তার ইচ্ছা। তবে, আমার কথা শত ফুল ফুটতে দাও।”
সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকলেও চর্চার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
অসত্য সংবাদ পরিবেশন করায় বিবিসি’র শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমাদের কোনো পত্রিকা বা প্রচার মাধ্যম মিথ্যা খবর দিলে কী তারা পদত্যাগ করেন?
“স্বাধীনভাবে যারা লেখালেখি করছেন, তারা দেখবেন, সেই পরিবেশটা যেন ধরে রাখা যায়।”
