জামায়াতের উদ্বেগ
আবুল কালাম আযাদের মামলার রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধে জড়িত উল্লেখ করায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই দলটি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সোমবার ঐতিহাসিক রায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের এটাই প্রথম রায়। এই ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন জামায়াতের শীর্ষনেতারাও রয়েছেন।
রায়ে বলা হয়, আবুল কালাম আযাদ একাত্তরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজে পড়াশোনার সময় জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
একাত্তরে পাকিস্তানি সেনা কমান্ডার রাও ফরমান আলীর সঙ্গে বৈঠকে গোলাম আযম।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, জামায়াতে ইসলামী একাত্তরে ‘পাকিস্তান রক্ষার’ নামে ‘সশস্ত্র বাহিনী’ তৈরির মাধ্যমে নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে।
আদালতের এই মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন, এই বিচার রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’।
“৪১ বছর পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে আওয়ামী লীগ। আজ মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে যে রায় প্রদান করা হয়েছে, তা তারই অংশ মাত্র।”
“আইন অনুযায়ী, যার বিরুদ্ধে অভিযোগ তার বিষয়েই রায় প্রদান স্বাভাবিক। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, ব্যক্তির অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীকে টেনে আনা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
“এই মামলার রায়ে আলী আহসান মো. মুজাহিদকে সম্পৃক্ত করা হয়েছে। কোনো ব্যক্তি বা সংস্থার বক্তব্য শ্রবণ না করে তার বিরুদ্ধে সিদ্ধান্ত প্রদান সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক,” বলা হয় বিবৃতিতে।
জামায়াতে ইসলামী শুরু থেকেই যুদ্ধাপরাধের বিচারে আপত্তি জানিয়ে আসছে। গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করছে তারা। ওই কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর অভিযোগও রয়েছে দলটির বিরুদ্ধে।
আযাদের বিচার পর্যবেক্ষণ করে জামায়াত নেতা রফিকুল ইসলাম বলেন, “সরকার অত্যন্ত তড়িঘড়ি করে এই বিচার সম্পন্ন করেছে। ২০১২ সালের ৪ নভেম্বর মামলার চার্জ গঠন করা হয়। ২৬ নভেম্বর থেকে রাষ্ট্র পক্ষের (প্রসিকিউশন) সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলে ২০ ডিসেম্বর পর্যন্ত। যুক্তিতর্ক শুরু হয় ২৩ ডিসেম্বর থেকে, শেষ হয় ২৬ ডিসেম্বর।”
“মাত্র ২৫ দিনের মাথায় মামলার রায় ঘোষণা করা হল। দুনিয়ার ইতিহাসে যুদ্ধাপরাধের বিচারে বিস্ময়কর দ্রুততার সাথে এভাবে রায় দেয়ার কোনো নজির নেই “
পলাতক আযাদেরে আইনজীবী না থাকায় রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগের বিষয়ে জামায়াত বলছে, “নামে মাত্র একজনকে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়, যা সম্পূর্ণ লোক দেখানো।
“দেশের প্রথিতযশা আইনজীবীদের মধ্য থেকে কাউকে স্টেট ডিফেন্স না করে দলীয় ব্যক্তিকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়। ফলে যথার্থভাবে মামলা মোকাবেলা করা হয়নি।”
ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে- অভিযোগ করে রফিকুল বলেন, “আজ মাননীয় আদালত যে রায় প্রদান করেছেন, তাতে রাজনৈতিক উদ্দেশ্যের প্রকাশ ঘটেছে। জাতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই রায় প্রত্যাখ্যান করেছে।”
“আমরা আশা করব, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে পরিচালিত বিচারের নামে এই প্রহসন বন্ধ করে সরকার দেশকে বিভেদের হাত থেকে রক্ষা করবেন,” বলা হয় বিবৃতিতে।
