‘কমিশনের লোভেই রাশিয়ার সঙ্গে চুক্তি’
কমিশন পাওয়ার লোভেই উচ্চ সুদে কঠোর শর্তে সরকার রাশিয়ার সঙ্গে ১২ হাজার কোটি টাকার ঋণচুক্তি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “জাতীয় সংসদে কোনো আলাপ-আলোচনা ছাড়া সরকার ১২ হাজার কোটি টাকার ঋণচুক্তি করেছে। এ ধরনের চুক্তি জাতীয় স্বার্থবিরোধী।”
গত মঙ্গলবার মস্কোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর সমরাস্ত্র কেনা ও পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়ার কাছ থেকে ১২ হাজার কোটি টাকা (১৫০ কোটি মার্কিন ডলার) পেতে তিনটি ঋণ চুক্তি সই করে বাংলাদেশ।
এর মধ্যে সেনা ও বিমান বাহিনীর সমরাস্ত্র কেনার জন্য প্রায় আট হাজার কোটি টাকা এবং রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আরো চার হাজার কোটি টাকার ঋণ নেয়া হবে।
চুক্তির শর্ত অনুযায়ী সব অস্ত্র ও যন্ত্রপাতি রাশিয়া থেকে কিনতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গণতান্ত্রিক উন্নয়ন ফোরামের উদ্যোগে গণতন্ত্রের শাসন সুরক্ষায় করণীয় শীর্ষক এই আলোচনা সভায় রাশিয়ার সঙ্গে করা ঋণচুক্তির কঠোর সমালোচনা করেন সাবেক আইনমন্ত্রী মওদুদ।
তিনি বলেন, “কমিশন পাওয়ার জন্যই লোভ সামলাতে না পেরে এরকম দেশের স্বার্থবিরোধী চুক্তি করা হয়েছে।”
১২ হাজার কোটি টাকার শতকরা ১০ ভাগ কমিশনের হিসাব তুলে ধরে মওদুদ বলেন, ১০ পারসেন্টে কমিশন আসে ১ হাজার দুইশ কোটি টাকা।”
দুর্নীতির দিক থেকে দুই দেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এক্ষেত্রে বিশ্বে রাশিয়ার অবস্থান ২৬ ও বাংলাদেশ ২৮। আমরা এই দুটি দেশ দুর্নীতিতে কাছাকাছি আছি।”
পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে মওদুদ বলেন, “এ ধরনের বিদ্যুৎকেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ প্রকল্প। জাপান এই প্রকল্প ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে। তাই বাংলাদেশে এ রকম প্রকল্প করাটা অতি ঝুঁকিপূর্ণ হতে পারে। এরকম চুক্তির আগে অবশ্যই সম্ভাব্যতা যাচাই ও পরিবেশগত দিকটা বিবেচনা করার প্রয়োজন ছিল।”
তাছাড়া পরমাণু বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার প্রযুক্তি পুরণো বলেও অভিযোগ করেন তিনি।
২০০১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে আওয়ামী লীগ সরকার সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় কঠিন শর্তে ১৩টি চুক্তি করেছিল জানিয়ে মওদুদ বলেন, “এ ধরনের চুক্তির আগে সংসদে অথবা ক্ষমতাসীন দলের ফোরামে এ বিষয়ে কথা বলা উচিৎ ছিল। সংসদে কথা বললে আমরা পরামর্শ দিতে পারতাম।”
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব অ্যাডভোকেট এ কে এম নেছার উদ্দিন, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক নাগরিক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “সরকার একদলীয়ভাবে দেশ শাসন করতে বিরোধী দলকে দমনের কঠোর নীতি অনুসরণ করছে। এজন্য তারা বিরোধী নেতা-কর্মীদের কারাগারে নিক্ষেপ করছে।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
