২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগে হস্তক্ষেপ চলছে: মওদুদ

বিচার বিভাগ স্বাধীন হলেও এতে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চলছে বলে মনে করছেন সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “একদলীয় শাসনের কারণে বিচার বিভাগ স্বাধীনভাবে চলছে না। রাজনৈতিক আধিপত্যের কারণে বিচারকরা মুক্তভাবে কাজ করতে পারছেন না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বিকালে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একথা বলেন।

ফখরুলসহ আটক বিএনপি নেতাদের বিষয়ে তিনি আরো বলেন, “তারা অনেকে উচ্চতর আদালত থেকে জামিন পেলেও ম্যাজিস্ট্রেট ও নিম্ন আদালতে ওই জামিন দেয়া হচ্ছে না। এ হচ্ছে বিচার বিভাগের অবস্থা।”

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘ছাত্রলীগের’ হামলার প্রতিবাদে ছাত্রদলের ওই সমাবেশ হয়।

সমাবেশের আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে যায় ছাত্রদল।

ছাত্রদলের নেতা-কর্মীদের আন্দোলনের প্রথম সারির কর্মী অভিহিত করে মওদুদ বলেন, “এই সরকারকে দেশের মানুষ আর চায় না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে। যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে।”

ছাত্রলীগের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “আমরা বিশ্বাস করি, ছাত্রলীগের অপকর্মের কারণেই এই সরকারের নির্মম পতন ঘটবে ।”

সমাবেশে মওদুদ ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল।

ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে এতে সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রশীদ হাবিব, বজলুল করীম চৌধুরী আবেদ, রাজীব আহসান, ওবায়দুল হক নাসির প্রমুখ।