২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দূরপাল্লার বাস ছাড়েনি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বামপন্থী দলগুলোর হরতালের সকালে রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 04:29 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

তবে হরতালের মধ্যেও অভ্যন্তরীণ রুটের বাস চলতে দেখা গেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা সকালে হরতালের সমর্থনে দলীয় পতাকা নিয়ে মিরপুর-১০ নম্বর গোলাচত্বর ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

তবে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেইট, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১২ নম্বর সেক্টরে হরতাল সমর্থকদের দেখা যায়নি।

প্রধান বিরোধীদল বিএনপি এই হরতালে সমর্থন দিলেও হরতালের পক্ষে রাজধানীতে তাদের কোনো নেতাকর্মী ছিল না।

হরতালের কারণে গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না। হরতাল শেষ হলেই দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে বলে বিভিন্ন পরিবহনের কর্মীরা জানিয়েছেন।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকালে প্রায় সব রুটের গণপরিবহন চলাচল করলেও সংখ্যায় ছিল কম।

অন্য হরতালে প্রাইভেট কার চোখে না পরলেও বামপন্থী দলগুলোর এই হরতালে ঢাকার রাস্তায় সকাল থেকেই কিছু প্রাইভেট কার চলতে দেখা যায়।

সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন থাকতে দেখায় গেছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গত ৬ জানুয়ারি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এরপর একই দাবিতে আধাবেলা হরতাল ডাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। তাদের সঙ্গে একই দিন হরতালের ডাক দেয় কয়েকটি বাম দলের জোট গণতান্ত্রিক বাম মোর্চাও।